পোশাকশ্রমিকের বেতনের টাকায় ভাগ চায় চাঁদাবাজেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম নগরের দুটি কারখানার পোশাকশ্রমিকেরা গতকাল বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেন। ছবিটি দুপুরে তোলা l প্রথম আলো
চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম নগরের দুটি কারখানার পোশাকশ্রমিকেরা গতকাল বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেন। ছবিটি দুপুরে তোলা l প্রথম আলো

কারখানার মালিকেরা চাঁদাবাজির শিকার হন—এ খবর পুরোনো। নতুন খবর হচ্ছে, এবার পোশাক কারখানার শ্রমিকেরাও চাঁদাবাজির শিকার হচ্ছেন। মাস শেষে বেতনের টাকার একাংশ চাঁদাবাজদের দিতে হচ্ছে। না দিলে চলে মারধর-নির্যাতন। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন শ্রমিকেরা। সড়ক অবরোধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামের নাছিরাবাদ শিল্প এলাকার ফ্রাঙ্ক গ্রুপের দুটি কারখানার কয়েক শ শ্রমিক গতকাল বুধবার নগরের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেন। কারখানা দুটির অবস্থান বায়েজিদ বোস্তামী সড়কের পাশে। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় নগরের ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন যানবাহনে আটকা পড়েন যাত্রীরা। যানজটের রেশ ছড়িয়ে পড়ে নগরের অন্য সড়কেও।
অবরোধের পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, স্থানীয় সন্ত্রাসীদের হাতে গত দুই বছরে অন্তত ২০ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। গতকাল সকাল সাড়ে আটটায় ফ্রাঙ্ক গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেডের ইনচার্জ আবদুর রাজ্জাককে কারখানার ফটকের পাশে মারধর করে তারা। চাঁদা না দেওয়ায় মো. আছহাব উদ্দিন ও মোরশেদ নামের দুই সন্ত্রাসী তাঁকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

আবদুর রাজ্জাককে মারধরের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাঙ্ক অ্যাপারেল লিমিটেডের দুই হাজারেরও বেশি শ্রমিক কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কারখানার শ্রমিক জরিনা বেগম, রেহেনা ও ওজুফা প্রথম আলোকে বলেন, ‘বেতন পাওয়ার পর সন্ত্রাসীরা এক-দুই হাজার টাকা চায়। না দিলে মারধর করে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় রাস্তায় নেমেছি।’

রোজিনা বেগম নামের আরেক শ্রমিক বলেন, ‘বেতনের টাকা সন্ত্রাসীদের দিলে আমরা চলব কীভাবে। টাকা না দিলে একেক দিন একেকজন মারধর করে।’

শ্রমিকদের অভিযোগ, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম ও মহিউদ্দিনের নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি করছে আছহাব উদ্দিন ও মোরশেদ। যোগাযোগ করা হলে চট্টগ্রাম নগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ও পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা যে দুজনের কথা বলছে, তারা একসময় ওই কারখানার শ্রমিক ছিল। তাদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে জানতে মোরশেদ ও আছহাবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তারা দুজনেই সংযোগ কেটে দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ প্রথম আলোকে বলেন, কারখানা কর্তৃপক্ষ বা শ্রমিকেরা চাঁদাবাজির বিষয়টি সাম্প্রতিক সময়ে পুলিশ প্রশাসনকে জানাননি। চাঁদাবাজির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভের কারণে গতকাল কারখানায় প্রায় পাঁচ ঘণ্টা কাজ হয়নি। বেলা দুইটায় শ্রমিকেরা কাজে যোগ দেন। গতকাল এই কারখানা থেকে ১৬ লাখ ডলার মূল্যের ৩ লাখ ১৮ হাজার পিস প্যান্ট রপ্তানির জন্য বেসরকারি একটি ডিপোতে নেওয়ার কথা ছিল। সেখান থেকে তা কনটেইনারে ভরে বন্দরে নিয়ে জাহাজে তোলা হতো। কিন্তু কাজ না হওয়ায় রপ্তানি পণ্য ডিপোতে নেওয়া যায়নি বলে কারখানা কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়। ফলে নির্ধারিত সময়ে এসব পণ্য রপ্তানি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ফ্রাঙ্ক গ্রুপের পরিচালক আজিজুল হক প্রথম আলোকে বলেন, কারখানার শ্রমিক-কর্মচারীরা অনেক দিন ধরেই চাঁদাবাজির শিকার হচ্ছেন। নিরাপত্তার দাবিতেই মূলত শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। চাঁদাবাজির ঘটনায় দুই বছর আগেও মামলা করা হয়েছিল। তবে সন্ত্রাসীদের উৎপাত থামেনি। দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই কারখানা চালু রাখা যাবে না।