পোশাকশ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কলসি দিঘির পাড় এলাকার নিজ বাসা থেকে এক নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত সাহেদা ইসলামের (২৮) স্বামী পলাতক রয়েছেন। সাহেদার ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। তাঁর স্বামী খুনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল মিয়া জানান, শনিবার রাতের কোনো এক সময়ে সাহেদাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে কলোনির লোকজন বাসার দরজা ভেজানো দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সাহেদার বাবার বাড়ি লক্ষ্মীপুরে। তবে তাঁর স্বামীর সঠিক নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁদের একটি চার বছরের মেয়ে রয়েছে।