পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত সিদ্দিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এই সংঘর্ষ হয়। আজ শনিবার রাত নয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, সিদ্দিক নির্বাচনী সহিংসতায় মারা যাননি। ইউপি সদস্য প্রার্থী হুমায়ুন ও জয়নালের পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। আগের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও আছে। বৃহস্পতিবার পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয় এবং এতে সিদ্দিক আহত হয়েছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভবানীপুর গ্রামে প্রভাব বিস্তার করা নিয়ে শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ রয়েছে। গত বছর নভেম্বর মাসে নবীন লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. রায়হান নামে জয়নাল পক্ষের এক যুবক নিহত হয়। এরপর তাঁদের বিরোধ আরও স্পষ্ট হয়। ৭ মে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে জয়নাল পক্ষ আবুল বাসারকে এবং হুমায়ুন পক্ষ সেলিম মিয়াকে সমর্থন দেয়। বৃহস্পতিবার রাতে জয়নাল পক্ষ হুমায়ুন পক্ষের বাড়ি ঘরে আবুল বাসারের পোস্টার সাটাচ্ছিল। এতে হুমায়ুন পক্ষ বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিদ্দিক আহত হন।
হুমায়ূন কবির বলেন, ‘নিহত সিদ্দিক আমার পক্ষের সমর্থক ছিলেন। জয়নাল পক্ষের হামলায় সিদ্দিক মারা যান। এলাকায় আমার সমর্থক বেশি। আমার সমর্থন পাওয়া প্রার্থী বিজয়ী হবে বুঝতে পেরে নানা অজুহাতে নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে জয়নাল পক্ষ।’
তবে অভিযোগ অস্বীকার করে আবুল বাসার বলেন, ‘আমাদের পক্ষের কারও হামলায় সিদ্দিক মারা যাননি।’ তিনি বলেন, পোস্টার সাঁটানো সবার অধিকার। কিন্তু হুমায়ুন পক্ষ তা মানতে নারাজ। এই কারণে আমাদের প্রার্থীর পোস্টার সাটাতে গেলে বাধা দেয় এবং হামলা চালায়।