পোড়া তেলে ইফতারি তৈরি জরিমানা
অপরিচ্ছন্ন পরিবেশে পোড়া তেলে ইফতারসামগ্রী ভাজা, দেশি মুরগির নামে কক মুরগি বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে চট্টগ্রাম নগরের তিনটি খাবারের দোকান ও চারজন মুরগি বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরের চকবাজারের কাঁচাবাজার, লালচাঁদ রোড ও চকবাজার কলেজ রোডে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। অভিযানে সহায়তা করেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও নগর পুলিশের সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, চকবাজারের লালচাঁদ রোডের খাজা ভাতঘর ও চিটাগাং সুইটস পোড়া তেলে বিভিন্ন ইফতারসামগ্রী ভাজছিল। দোকান দুটির পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। এ ছাড়া যে বেগুন দিয়ে বেগুনি তৈরি করা হচ্ছিল সে বেগুনে পোকা পাওয়া যায়। দোকান দুটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নতুন খাবারের সঙ্গে বাসি খাবার মেশানো, ফ্রিজে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণ করায় চকবাজার কলেজ রোডের জমজম ঝালবিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, চকবাজার কাঁচাবাজারে কয়েকজন মুরগি বিক্রেতা একই খাঁচায় দেশি মোরগ ও কক মোরগ একসঙ্গে রেখে বিক্রি করছিলেন। তাঁরা কক মুরগিকেও দেশি মুরগি বলে ক্রেতাদের ঠকাচ্ছিলেন। ওজন পরিমাপের বাটখারাতেও প্রতি কেজিতে ৩০-৪০ গ্রাম কম পাওয়া গেছে। এসব অপরাধে চার মুরগি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।