পোড়া শরীরে কাতরাচ্ছেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় কাতরাচ্ছেন পীরগাছা উপজেলার গৃহবধূ তহমিনা বেগম। শরীরের অর্ধেকটাই আগুনে ঝলসে গেছে তাঁর। পুলিশকে তিনি অভিযোগ করেন, স্বামী-শাশুড়ি মিলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন।
রংপুরের পীরগাছা উপজেলার দাদন গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে গৃহবধূর গায়ে আগুন লাগানোর ঘটনা ঘটে। স্বামী আবদুল মান্নানকে গত শুক্রবার রাতে রংপুর শহর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
অগ্নিদগ্ধ হওয়া গৃহবধূকে শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় তাঁকে।
গৃহবধূর বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্বামীর প্ররোচনায় শাশুড়ি গৃহবধূর শরীরে জ্বলন্ত কুপি ছুড়ে মারেন। এতে মুহূর্তেই গৃহবধূর পুরো শরীরে আগুন ছড়িয়ে যায়। অবস্থা বেগতিক দেখে স্বামী নিজেই তাঁকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দায়িত্বরত চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, গৃহবধূর শরীরের ৫০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বার্ন ইউনিটের একটি শয্যায় অচেতন অবস্থায় আছেন গৃহবধূ। তাঁর খালা রহিমা বেগম বলেন, ‘দেখতেই তো পাইতোছেন ভাগ্নিটার কী অবস্থা হইছে। এই অবস্থায় কেমন করিয়া কথা কই। আগুন লাগা শরীরটা দেখলে ঠিক থাকা কি যায়?’
ওয়ার্ডের বাইরে অগ্নিদগ্ধ গৃহবধূর মা মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, ‘বিয়ার পর থাকিয়া মেয়েটা সুখ পাইল না। যৌতুকের জন্যে খালি মারে। মারতে মারতে একসময় হাত-পাও ভাঙি দেছে। কানোত থাপরেয়া কানটা তালা লাগি দেছে। শেষমেশ গায়োত আগুন লাগে দেলে। মাইয়াটা হামার জ্বলি-পুড়ি গেইছে।’
পীরগাছা উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের ইটভাটা শ্রমিক তৌফিকুর রহমানের বড় মেয়ে তহমিনা বেগমের সঙ্গে একই উপজেলার দাদন গ্রামের মনতেজার আলীর ছেলে ফল ব্যবসায়ী আবদুল মান্নানের ১৩ বছর আগে বিয়ে হয়। সংসারে ১২ ও ৮ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে নির্যাতন সহ্য করে স্বামীর সংসারে তাঁর মেয়ে পড়ে ছিলেন বলেও উল্লেখ করেন গৃহবধূর মা মরিয়ম বেগম।
পীরগাছা থানার ওসি নাজমুল আহমেদ বলেন, গতকাল অগ্নিদগ্ধ গৃহবধূর ভাই মোস্তফা বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও বোনসহ চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। স্বামী আবদুল মান্নানকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।