পৌনে তিন কেজি সোনাসহ দুজন আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে তিন কেজি সোনাসহ দুজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আটক দুজন হলেন মামুন হোসেইন (৩১) ও মোসলেম উদ্দিন (৩১)। গত সোমবার মধ্যরাতে ও গতকাল মঙ্গলবার সকালে তাঁদের আটক করা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার আহসানুল কবীর প্রথম আলোকে বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মামুন হোসেইন। প্রথমে তাঁকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তবে সোনার বার থাকার কথা সে সময় তিনি অস্বীকার করেন। পরে মামুনের সঙ্গে থাকা চার্জার লাইটের তিনটি ব্যাটারি স্ক্যান করা হয়। এ সময় ব্যাটারিতে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তিনটি ব্যাটারির প্রতিটিতে ছয়টি করে মোট ১৮টি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
আহসানুল কবীর জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ওমানের মাসকট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন মোসলেম উদ্দিন। বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর সঙ্গে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে নিয়ে তাঁর এক্স-রে করানো হলে মলদ্বারে সোনার অস্তিত্ব পাওয়া যায়। হাসপাতাল থেকে মোসলেম উদ্দিনকে বিমানবন্দরে শৌচাগারে আনা হয়। সেখানে তিনি মলদ্বারের ভেতরে রাখা আটটি সোনার বার বের করে আনেন। এগুলোর ওজন ৯২৮ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।