পৌনে তিন মাসে ১৪২টি গাছ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গত ২ মাস ২১ দিনে নানা জাতের ১৪২টি গাছ চুরি হয়েছে। এসব গাছের আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা বলে জানিয়েছেন কাঠ ব্যবসায়ীরা। এসব গাছ চুরির সঙ্গে কয়েকজন বন পাহারাদার ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য জড়িত বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বনকর্মী ও ওই উদ্যানে নিয়োজিত কয়েকজন পাহারাদার বলেন, ৩ জুন থেকে ২৪ আগস্ট পর্যন্ত লাউয়াছড়া উদ্যানের বিভিন্ন জায়গা থেকে ১৪২টি (২৭টি সেগুন, ৫৫টি চাপালিশ, সাতটি লোহা কাঠ, ৩২টি গামাই, নয়টি আওয়াল ও ১২টি গর্জন) গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। এসব গাছের বাজারমূল্য অন্তত ৭২ লাখ টাকা হবে বলে জানান কাঠ ব্যবসায়ীরা।
বনে বসবাসরত কয়েকজন বাসিন্দা ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বনকর্মী বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি ও পাহারাদার দলে অসাধু লোকজনের সংখ্যাই বেশি। এসব অসাধু লোকজনের যোগসাজশেই মূল্যবান গাছ চুরি হচ্ছে। এ ছাড়া বনকর্মীরা পুরোনো আমলের একটি বন্দুক দিয়ে সশস্ত্র বনদস্যুদের প্রতিহত করতে পারছেন না। তাঁরা আরও বলেন, ১ হাজার ২৫০ হেক্টর আয়তনের এ উদ্যানে তিনটি বন বিট ও একটি ক্যাম্প রয়েছে। এই তিনটি বন বিট ও একটি ক্যাম্পের অধীনে দুজন করে মোট আটজন বনকর্মী বন পাহারা দেন। তাই এই কয়েকজনের পক্ষে সশস্ত্র বনদস্যুদের প্রতিহত করা সম্ভব হচ্ছে না। এ কারণে মাঝে মাঝে এসব বনকর্মী বনদস্যুদের হামলার শিকার হচ্ছেন।
লাউয়াছড়ার বন বিট কর্মকর্তা রেজাউল করিম গত সোমবার প্রথম আলোকে বলেন, তিনি তিন-চার দিন আগে এখানে যোগদান করেছেন। আগের কথা তিনি জানেন না। তবে সর্বশেষ আজ ভোরে তিনটি সেগুনগাছ চুরি হয়েছে। বনদস্যুদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলার জন্য শ্রীমঙ্গলের সহকারী মহকুমা বন সংরক্ষক (বন্য প্রাণী) সারোয়ার আহমদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মো. তৌফিকুল ইসলামের মুঠোফোনেও চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ প্রথম আলোকে বলেন, যে পরিমাণ গাছ চুরির কথা বলা হচ্ছে, আসলে সে পরিমাণ গাছ চুরি হয়নি। তবে গাছচোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া পাহারাদার দলে ও সহব্যবস্থাপনা কমিটিতে অসাধু লোকজন থাকলে তাঁদের খুঁজে বের করা হবে।