ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার প্রায় পৌনে দুই কেজি সোনাসহ ছয়জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই সোনা ১৪টি বারে ও চেইন আকারে ছিল।
আটক ছয়জন হলেন কামরুল হাসান (৫২), তাঁর স্ত্রী ইসমত আরা (৪০), মহসিন বাদল (৪৫), তাঁর স্ত্রী জেসমিন বাদল (৪২), মজিবুর রহমান (৪৮) ও মো. আজাদ। এপিবিএন সূত্র জানায়, তাঁদের কাছ থেকে ৫০ কার্টন বিদেশি সিগারেটও উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, সকাল সাড়ে সাতটায় মালয়েশিয়া থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। প্রায় দুই ঘণ্টা পর বিমানবন্দরের ২ নম্বর ক্যানপিতে ১৪টি সোনার বার ও চেইনগুলোসহ ছয়জনকে আটক করা হয়। এগুলো তাঁরা শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে এনেছিলেন। প্রতিটি সোনার বারের ওজন ১০০ গ্রাম। চেইনগুলোর মোট ওজন ৩০০ গ্রাম।
এপিবিএন জানায়, আটক ছয়জনের মধ্যে দুই দম্পতি পরস্পরের পরিচিত। তবে তাঁদের সঙ্গে আটক মজিবুর ও আজাদের পরিচয় নেই। অথচ সবার কাছ থেকেই একই ধরনের সোনার বার উদ্ধার করা হয়েছে।
২৮৬ কার্টন সিগারেট ও ৫৫টি ওয়াকিটকি: গতকাল পৃথক অভিযানে শাহজালাল বিমানবন্দর থেকে ২৮৬ কার্টন বিদেশি সিগারেট ও ৫৫টি ওয়াকিটকি আটক করে শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন জানান, দুপুরে বিমানবন্দরের কার্গোতে অভিযান চালিয়ে ৫৫টি ওয়াকিটকি আটক করা হয়। এগুলোর মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। ওয়াকিটকিগুলো চীন থেকে আনা হয়েছিল।