পৌনে দুই হাজার মোবাইল সেট আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে দুই হাজার মোবাইল সেট আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এগুলো আটক করা হয়।
শুল্ক বিভাগের দাবি, হংকং থেকে আসা এসব মোবাইল সেটের মূল্য সাড়ে তিন কোটি টাকা।
প্রিভেনটিভ দলের প্রধান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, গত ৮ নভেম্বর হংকং এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে মোবাইলের যন্ত্রাংশের একটি চালান ঢাকায় আসে। এরপর এগুলো কার্গো ভিলেজে রাখা হয়। কিন্তু এ সময়ের মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান এগুলো নিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করেনি। তাই আজ কাটুনগুলো আটক দেখিয়ে খোলা হয়। এ সময় ১৬টি কার্টনের ভেতর থেকে ১ হাজার ৭০২টি মোবাইল সেট পাওয়া যায়। এর মধ্যে আইফোন, স্যামসাং, সনি এক্সপিরিয়া, এইচটিসি, আসুস, জেডটিইসহ ১৪টি ব্র্যান্ডের সেট রয়েছে।
শহীদুজ্জামান সরকার বলেন, কর ফাঁকি দেওয়ার জন্য মোবাইল যন্ত্রাংশ উল্লেখ করে মিথ্যা ঘোষণা দিয়ে এগুলো আমদানি করে এএফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোবাইলের যন্ত্রাংশ আনলে সরকারকে কর দিতে হয় কম এবং বিটিআরসির অনুমোদন লাগে না।