পৌর কর্মচারীকে চড় মারলেন কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মসনদ না দেওয়ায় একজন ওয়ার্ড কাউন্সিলর গতকাল বৃহস্পতিবার শেরপুর পৌরসভার এক কর্মচারীকে চড়-থাপ্পড় মেরেছেন। এর প্রতিবাদে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। তবে পরে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।

পৌর কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, পৌরসভার ইপিআই কর্মী জুয়েল মিয়া জন্মসনদ দেওয়ার অতিরিক্ত দায়িত্বও পালন করেন। পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান গতকাল দুপুরে জুয়েলের মুঠোফোনে ফোন করে এক ব্যক্তিকে জন্মসনদ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় ওই ব্যক্তিকে জুয়েল সনদ দিতে রাজি হননি। এ কথা জানার পর কাউন্সিলর তৌহিদুর ক্ষুব্ধ হন। তিনি বেলা একটার দিকে সাজু নামের এক সহযোগীকে নিয়ে পৌর কার্যালয়ে গিয়ে জুয়েলকে  চড়-থাপ্পড় মারেন।

এর প্রতিবাদে পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি কর্মসূচি শুরু করেন। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য বেল​া দুইটায় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে পৌর ভবনে পৌর পরিষদের জরুরি সভা হয়। সভায় কাউন্সিলর তৌহিদুরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁকে পৌর প্যানেল মেয়রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবও গ্রহণ করা হয়।