শ্বশুরবাড়িতে মার খেয়ে গৃহবধূ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম বানু আক্তার (৩৮)। তিনি উপজেলার কোনা দেউলডাংরা গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বানু আক্তার বলেন, প্রায় এক বছর আগে আহম্মেদ আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর আহম্মেদ আলী তাঁকে ঢাকায় নিয়ে যান। প্রায় ২৫ দিন ঢাকায় থাকার পর স্বামী তাঁকে ফেলে কোনা দেউলডাংরা গ্রামে চলে আসেন। খবর পেয়ে তিনি স্বামীর খোঁজে গত বুধবার শ্বশুরবাড়িতে আসেন। ঢাকায় ফেলে আসার বিষয় নিয়ে কথাবার্তার একপর্যায়ে আহম্মেদ আলী তাঁকে মারধর শুরু করেন। পরে স্বামীর পরিবারের স্বজনেরাও রড দিয়ে পিটিয়ে তাঁর পা ভেঙে দিয়েছেন। গত বৃহস্পতিবার সেখান থেকে এলাকার এক ইউপি সদস্যের সহায়তায় স্বজনেরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে কথা বলার জন্য বানু আক্তারের স্বামী আহম্মেদ আলীদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এই ঘটনায় বানু আক্তার তাঁর স্বামী আহম্মেদ আলী, ভাশুর সুমন মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগটি তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।