পৌর কার্যালয় থেকে শিডিউল চুরির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার দুজন কর্মকর্তা ও কর্মচারী গতকাল রোববার কোরবানির পশুর হাটের দরপত্রের শিডিউল চুরির চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হাতেনাতে ধরা পড়লেও একপর্যায়ে কৌশলে পালিয়ে যান।

পৌরসভা সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা দিতে ২ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। গত বৃহস্পতিবার দরপত্র বিক্রির শেষ দিন পর্যন্ত স্থানীয় সাংসদ এনামুর রহমানের আত্মীয় আবদুল আলিমসহ নয়জন শিডিউল কেনেন। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। বেলা তিনটায় পৌর মেয়রের কার্যালয়ে থাকা দরপত্রের বাক্স খোলা হয়। কিন্তু তার আগেই পৌরসভার উপসহকারী প্রকৌশলী তৌফিক ইমাম ও হাজিরাভিত্তিক শ্রমিক সাখাওয়াত হোসেন বাক্সের তালা ভেঙে দরপত্রের শিডিউল চুরির চেষ্টা চালান বলে অভিযোগ।

সর্বোচ্চ দরদাতা কামরুজ্জামানসহ কয়েকজন দরদাতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র আবদুল গনি গতকাল বেলা দুইটার দিকে কক্ষ ত্যাগ করেন। আধা ঘণ্টা পর শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামতের অজুহাতে এসির কারিগর তুহিন হোসেনকে নিয়ে বেলা আড়াইটার দিকে তৌফিক ও সাখাওয়াত ওই কক্ষে ঢোকেন। ঢুকেই তাঁরা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এরপর মেয়রের পিয়ন জিলাল মিয়া বাইরে থেকে কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে দরদাতাদের সন্দেহ হয়। তাঁরা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে পান, ভেতরে দরপত্র বাক্সের তালা ভেঙে দরপত্রের শিডিউলগুলো তছনছ করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাঁরা দরজা খুলে তৌফিক ও সাখাওয়াতকে বের করে আনেন। তবে উত্তেজনার মধ্যে একপর্যায়ে দুজনই পৌরসভা কার্যালয়ের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান।

তুহিন হোসেন প্রথম আলোকে বলেন, কক্ষের দরজা বন্ধ করেই তৌফিক ও সাখাওয়াত দরপত্র বাক্সের তালা ভেঙে কাগজপত্র তছনছ করতে থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা বাক্সে পুনরায় তালা ঝুলিয়ে দেন।

সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, বেলা তিনটার দিকে বাক্স খুলে তিনটি দরপত্র পাওয়া যায়। প্রতিটির খামই ছিল খোলা। সর্বোচ্চ দরদাতা কামরুজ্জামানের ব্যাংক ড্রাফট দরপত্রের সঙ্গে পাওয়া যায়নি। সেটি বাক্সের এক কোনায় পড়ে ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দরদাতা বলেন, গত শনিবার একজোট হয়ে দরপত্র জমা দেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা হয়। এ কারণেই নয়টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে তিনটি। কিন্তু সমঝোতার বাইরে গিয়ে একটি পক্ষ অধিক দর দেয়। বিষয়টি ফাঁস হওয়ার পর অপর পক্ষটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় সর্বোচ্চ দরদাতা কামরুজ্জামানের শিডিউলটি চুরির চেষ্টা চালিয়েছে।

ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ায় তৌফিক ইমাম ও সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে। তবে সাভার পৌরসভার মেয়র আবদুল গনি মুঠোফোনে বলেন, বাক্স ভেঙে দরপত্র চুরির অভিযোগ সঠিক নয়।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’