পৌর ভবন চত্বরেই গাঁজা চাষ!
বগুড়ার সোনাতলা পৌরসভা ভবন চত্বরে গাঁজার চাষ হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ১০টার দিকে সোনাতলা থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে গাঁজার বাগানের সন্ধান পায়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে পৌর ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে মিলনায়তনের পেছনে গাঁজার বাগানের সন্ধান পায়। সেখান থেকে প্রায় পাঁচ ফুট উচ্চতার ১২টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
এদিকে গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার দায়ে পৌরসভার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া দুই পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) মনোয়ারুল ইসলাম (২৫) ও উজ্জ্বল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। পৌরসভার আরেক কর্মচারী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
সোনাতলা পৌরসভার প্রশাসক ও ইউএনও হাবিবুর রহমান বলেন, ‘পৌর চত্বরে গাঁজা চাষের বিষয়টি জেনে আমি হতবাক হয়েছি। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’