পৌর মেয়র ও ছাত্রলীগের সমর্থকদের সংঘর্ষে আহত ৬
মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভায় গতকাল রোববার দুপুরে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে ছাত্রলীগ ও মীরকাদিম পৌর মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মীরকাদিম পৌরসভায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন শহীদুল ইসলাম, মীরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকাবাসীসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন। বেলা আড়াইটার দিকে ভিত্তিপ্রস্তর শেষে আয়োজকদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের দায়িত্ব পালন করছিলেন মেয়র শহিদুল ইসলামের লোকজন। খাবার দেওয়া নিয়ে মেয়রের সমর্থক মো. আনিসের সঙ্গে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিহাব আহমেদ ও মুক্তারপুর এলাকার আরিফ হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মৃণাল কান্তির গাড়ির চালক রোকন আহমেদ, ছাত্রলীগ নেতা সিহাব আহমেদ, আরিফ ও আনিসসহ ছয়জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মৃণাল কান্তি ও শহিদুল ইসলাম। তাঁরা দুই পক্ষকেই নিবৃত্ত করেন।
শহিদুল ইসলাম বলেন, ‘সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। এমন একটি অনুষ্ঠানে খাবার নিয়ে মুক্তারপুরের মাদকাসক্ত আরিফ সমস্যাটা সৃষ্টি করেছে। বিষয়টি আমি ও সাংসদ ঘটনাস্থলেই সমাধান করে দিয়েছি। এরপর আর কিছু হয়নি।’ মৃণাল কান্তি দাসের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে মীরকাদিমের মাদকাসক্ত আনিসই সমস্যাটা সৃষ্টি করেছে। সে আমাদের ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিহাবের ওপর চড়াও হয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান হয়ে যায়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী ভূইয়া বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।