কুমিল্লায় জাকাতের কাপড় বিতরণের অনুষ্ঠানে ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে, চান্দিনা পৌরসভার মেয়রকে অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় তাঁর স্বজন ও সমর্থকেরা এ ভাঙচুর চালান। এ ঘটনার পর কাপড় বিতরণ বন্ধ হয়ে যায়।
চান্দিনা পৌরসভার মহারং পশ্চিমপাড়া এলাকায় বিকেল পাঁচটায় এ ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন বলেন, ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ গতকাল রোববার বিকেলে ৫০০ শাড়ি ও লুঙ্গি নিয়ে চান্দিনা পৌরসভার মহারং এলাকায় বিতরণ করতে যান। এ সময় চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের ভাগনে ওমর ফারুক, ভাতিজা ইব্রাহীম খলিল ও আল আমিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ওই অনুষ্ঠানে যায়। এ সময় তাঁরা হঠাৎ করে আবুল কালাম আজাদের গাড়ির ওপর হামলা করেন। এতে গাড়ির পেছনের ও সামনের কাচ ভেঙে যায়। তখন জাকাত নিতে আসা লোকজন ছোটাছুটি করে চলে যান। পরে আবুল কালাম আজাদের লোকজন সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ডে গিয়ে মিছিল করেন। তাঁরা এ জন্য চান্দিনা পৌরসভার মেয়রকে দায়ী করেন।
এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার ৫০০ জন গরিব মানুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়ার জন্য এসেছিলাম। জাকাতের কাপড় দেওয়া শুরু হলে মেয়রের নির্দেশে তাঁর অনুসারীরা আমার গাড়ি ভাঙচুর করেন। একই সঙ্গে অনুষ্ঠান পণ্ড করে দেন।’
পৌরসভার মেয়র মফিজুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, জাকাতের কাপড় ও ত্রাণসামগ্রী বিতরণে ঝামেলা হয়েছে। তখন কেউ হয়তো গাড়ি ভাঙচুর করেছে। তিনি বা তাঁর পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে আমন্ত্রণ জানানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। খবর পেয়ে তিনিও সেখানে গিয়েছেন।
এ ঘটনায় আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।