পৌর মেয়রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সি, তাঁর ভাতিজা স্থানীয় আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম হাওলাদারসহ ১২ জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের ৩ একর ৭১ শতাংশ জমি বিক্রির ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুদক শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযোগপত্রটি দাখিল করেন।
দুদক কর্মকর্তা (ফরিদপুর অঞ্চল) মো. আবুল কালাম আজাদ জানান, ২০১৪ সালের ৬ আগস্ট দুদক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা ১২ জনকে অভিযুক্ত করে শরীয়তপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন আউব আলী মল্লিক, মজিবুর রহমান হাওলাদার, আব্দুস কুদ্দুস মোল্ল্যা, বেগম আলফাতুন নেছা, সুজন শাহা, সংগীতা শাহা, রণজিৎ কুমার শাহা, মো. জাহাঙ্গীর আলম ও আব্দুস ছালাম। মামলাটি তদন্ত করেন দুদকের উপসহকারী পরিচালক গাজী মো. সামসুল আরেফিন।