পৌর মেয়রের ছেলের বস্তাবন্দী লাশ উদ্ধার ওসি প্রত্যাহার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের নবম শ্রেণি পড়ুয়া ছেলে আশিকুর রহমানের (১৬) বস্তাবন্দী হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত শনিবার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ নিহত আশিকুরের তিন সহপাঠীসহ আটজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পরিবার বলছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, মুঠোফোন নিয়ে ঝগড়ার জেরে সহপাঠীরাই আশিকুরকে হত্যা করেছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, আশিকুর পরিবারের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠি এলাকায় থাকত। ২৪ সেপ্টেম্বর সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন আশিকুরের বাবা আতাউর রহমান গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন রাতে পুলিশ আশিকুরের সহপাঠী বর্ধনকুঠি এলাকার শাহরিয়ার খান, শাহরিয়ারের মা রাবেয়া বেগম, বড় বোন রুনা বেগম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, চাচাতো ভাই সুজন মিয়া, খালাতো ভাই শিমুল মিয়া এবং আশিকুরের অপর সহপাঠী আল-আমিন ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়ারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে আশিকুরের লাশ উদ্ধার করা হয়। লাশটি ছিল রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি চটের বস্তার ভেতরে ঢোকানো। গলায় রশির দাগ। পুলিশের ধারণা, আশিকুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে নিহত আশিকুরের বাবা আতাউর রহমান গ্রেপ্তার আটজন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীনসহ ১১ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। জয়নালের বাসাও বর্ধনকুঠি এলাকায়। ঘটনার পর থেকে তিনি এলাকাছাড়া। তাঁর মুঠোফোন বন্ধ। গত শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁর বাড়িতে হামলার চেষ্টা চালান। কিন্তু পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।
জানতে চাইলে আশিকুরের বাবা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, কাউন্সিলর জয়নালের পরিকল্পনায় তাঁর ছেলে আশিকুরকে হত্যা করা হয়েছে। জিডির পর আশিকুরকে উদ্ধার ও সন্দেহভাজনদের গ্রেপ্তারের ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসির অবহেলা ছিল।
এ অভিযোগ পাওয়ার পর ওসি জাহিদুলকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানান গাইবান্ধা জেলার পুলিশ সুপার আশরাফুল ইসলাম।
তবে প্রত্যাহারের আগে ওসি জাহিদুল বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুরের সহপাঠী শাহরিয়ার, আল আমিন ও জাকির হত্যার কথা স্বীকার করেছে। তাদের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে একটি মুঠোফোন নিয়ে শাহরিয়ারের সঙ্গে আশিকুরের ঝগড়া হয়। এর জেরে আল আমিন ও জাকিরকে সঙ্গে নিয়ে শাহরিয়ার আশিকুরকে হত্যা করেছে।
গত শনিবার আশিকুরের তিন সহপাঠীসহ গ্রেপ্তার আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার তিনজন হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পেছনে কারও পরিকল্পনা বা ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।