পৌর সচিব ও কাউন্সিলরকে মারধর আরেক কাউন্সিলরের
বিনা কার্ডে ভিজিএফের চাল না দেওয়ায় গতকাল বুধবার নাটোরের সিংড়া পৌরসভার সচিব ও এক কাউন্সিলরকে পিটিয়েছেন অন্য এক কাউন্সিলর। এ সময় পৌর কার্যালয় তছনছ করারও অভিযোগ উঠেছে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, একজন কাউন্সিলর এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভা সূত্র জানায়, গতকাল সকাল থেকে পৌরসভার ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়। পৌরসভার সরবরাহ করা নির্ধারিত কার্ডের বিপরীতে এ চাল দেওয়া হচ্ছিল। দুপুরে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল জলিল পৌর সচিব আবদুল মতিনকে বিনা কার্ডে ৪০ কেজি চাল দেওয়ার নির্দেশ দেন। সচিব রাজি না হলে জলিল জোর করে চাল নিয়ে নেন। কিছুক্ষণ পর জলিল সচিবের কাছে এসে আবারও বিনা কার্ডে ৫০ কেজি চাল দাবি করেন। রাজি না হলে সবার সামনেই সচিবকে পেটানো শুরু করেন জলিল। সচিবকে রক্ষা করতে এগিয়ে এলে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল আওয়ালকেও জলিল ও তাঁর সহযোগীরা পেটাতে শুরু করেন। হামলাকারীরা পৌর কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্র তছনছ করেন।
কাউন্সিলর আবদুল জলিলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধির পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ কেটে দেন।