পৌরসভার কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌরসভায় দুই কাউন্সিলরের মধ্যে বাগ্‌বিতণ্ডার জের ধরে এক গাড়িচালককে মারধরের ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলামকে আসামি করে মামলা হয়েছে। গত সোমবার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের চাচাতো ভাই আলাউদ্দীন কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন। এই মামলায় পৌরসভার প্রকৌশল শাখার মেশিন মিকশ্চারম্যান আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে আতিকুল ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়ন।

গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভায় দুই কাউন্সিলর মহিদুল ইসলাম ও রবিউল ইসলামের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে এক কাউন্সিলরের সমর্থকেরা পৌরসভায় গিয়ে গাড়িচালকসহ দুজনকে মারধর করেন। এতে পৌরসভার দুই ব্যক্তিসহ তিনজন আহত হন। পরে মেয়র আনোয়ার আলী তাঁর কক্ষে উভয় কাউন্সিলরসহ অন্য কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, দুজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মিটমাট হয়ে গেছে।

তবে সোমবার বিকেলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, কাউন্সিলর রবিউল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে কাউন্সিলর মহিদুল ইসলামের পক্ষ থেকে মামলা করা হয়। সন্ধ্যায় পৌরসভার কর্মী আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সকাল ১০টায় আতিকুল ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে আতিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।

পরে বেলা ১১টায় পৌরসভার মিলনায়তনে এমপ্লয়িজ ইউনিয়নের জরুরি সাধারণ সভা হয়। ইউনিয়নের সভাপতি গোলাম ছারয়ারের সভাপতিত্বে সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নামে দায়ের করা সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, আগামীকাল বৃহস্পতিবার পৌরসভা চত্বরে বিক্ষোভ, ১১ ডিসেম্বর পৌর বিজয় উল্লাস চত্বরে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং দাবি না মানা হলে ১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কর্মবিরতিসহ পরবর্তী কঠোর কর্মসূচি গ্রহণ।