জঙ্গিগোষ্ঠী বা গুলশানের হলি আর্টিজানে হামলার সঙ্গে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো পেয়ার আহম্মদের (আকাশ) সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজানের ঘটনার সঙ্গে পেয়ার আহম্মদের কোনো ধরনের যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি ফেনীর একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। চার-পাঁচ বছর আগে তিনি মালয়েশিয়া চলে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছিল। তবে বিদেশি পত্রিকায় তাঁর জঙ্গি সম্পৃক্ততা নিয়ে যে খবর প্রকাশ পেয়েছে, তা পরবর্তী সময় যাচাই করে দেখা হবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।
অভিবাসন পুলিশ সূত্র বলেছে, ইন্টারপোলের রেড নোটিশের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার পুলিশ পেয়ার আহম্মদকে গত ১৯ আগস্ট আটক করে এবং ২ সেপ্টেম্বর ঢাকায় ফেরত পাঠায়। তিনি ওই দেশে রেস্তোরাঁ ব্যবসা করতেন। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞায়। তিনি এখন ফেনীর কারাগারে আছেন।
হলি আর্টিজানে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ গত বৃহস্পতিবার দাফন করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এই ছয়জনের পরিবার বা স্বজনদের কেউ লাশ নেওয়ার জন্য মৌখিক বা লিখিতভাবে কোনো আবেদন করেননি। তাই বেওয়ারিশ ও দাবিদারহীন লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে তাঁদের দাফন করা হয়েছে।
এর আগে আছাদুজ্জামান মিয়া বিএফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ নামের একটি সংগঠন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক ও সামাজিক সমস্যা, এর সমাধানে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। জঙ্গিবাদ মোকাবিলায় অর্জিত সাফল্যকে টেকসই করার জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।