পোকা ধরা গম নিচ্ছেন না খুলনার মিলমালিকেরা
ব্রাজিল থেকে আমদানি করা নিম্নমানের গম নিচ্ছেন না খুলনার আটাকল মালিকেরা। তাঁরা বলছেন, এই গম থেকে দুর্গন্ধযুক্ত আটা তৈরি করে তা বাজারে বিক্রি করলে লোকসানের পাশাপাশি ভাবমূর্তি নষ্ট হবে।
এই অবস্থায় জেলায় সরকারের ন্যায্যমূল্যে খোলাবাজারে আটা বিক্রি কার্যক্রম (ওএমএস) মুখ থুবড়ে পড়েছে। তবে টেস্ট রিলিফ (টিআর) ও অন্যান্য সরকারি প্রকল্পে এসব গমই বিতরণ করা হচ্ছে।
খুলনার আটাকল মালিকেরা যে গম কিনতে ও বিক্রি করতে চাইছেন না, তা ব্রাজিল থেকে আমদানি করা ওই গমই, যার নিম্নমানের বিষয়টি পরীক্ষিত। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষায় নিম্নমানের এ ফল পাওয়া গেছে। ওই সংস্থার পরীক্ষায় দেখা গেছে, আমদানি করা এই গমে কুঁচকানো ও ভাঙা দানার পরিমাণ সরকার নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। আর ভাঙা দানার পরিমাণ কয়েক গুণ বেশি। দেশের ১৪টি খাদ্যগুদামের গমের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পেয়েছে সরকারি সংস্থাটি। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত রোববার পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, খাদ্য অধিদপ্তরের সরবরাহ করা গমের আটা অত্যন্ত নিম্নমানের। পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করার পর এসব নিম্নমানের গম ও আটা খাচ্ছেন। এতে তাঁদের মনোবল দুর্বল হয়ে যাচ্ছে।
খুলনার আঞ্চলিক চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের (খাদ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাজিল থেকে আমদানি করা এই গমের মধ্যে ৮১ হাজার টন খালাস করা হয়েছে মংলা বন্দর দিয়ে। এর মধ্যে ২৬ হাজার টন খুলনা নগরের মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি), ১১ হাজার টন খুলনার বয়রা সিএসডিতে, ১৪ হাজার ৭৪৫ টন বরিশাল, ১২ হাজার ৮০০ টন রাজশাহী ও ঢাকা এবং ১৬ হাজার ৩০০ টন খুলনা বিভাগের বিভিন্ন আঞ্চলিক খাদ্য সংরক্ষণাগারে (এলএসডি) সরবরাহ করা হয়েছে।
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত ব্রাজিল থেকে আমদানি করা ১২ হাজার ৯২৬ টন গম জেলার দুটি সিএসডি ও আটটি এলএসডিতে মজুত রয়েছে। এগুলোর বেশির ভাগই বরাদ্দ দেওয়া হচ্ছে কাবিখা, টিআর ও ভিজিডি খাতে।
গত মঙ্গলবার দুপুরে মহেশ্বরপাশা সিএসডিতে গিয়ে দেখা যায়, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় গম পাঠানোর জন্য গুদাম থেকে ট্রাকে বস্তা বোঝাই করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি বস্তার মুখ খুলে এই প্রতিবেদক দেখতে পান দানাগুলো পোকায় খাওয়া, খুব সরু, লাল, ময়লাযুক্ত।
ইস্টার্ন ফ্লাওয়ার মিলের মালিক মো. তারেক বলেন, ‘গমটা খুবই নিম্নমানের। কিন্তু দামটা তুলনামূলক বেশি। এতে মানসম্মত আটা হচ্ছে না। আটা একে তো লাল, তার ওপর তিতা। ওই গম থেকে আটা বানালে পাবলিক আমাদের পেটাবে।’
মহেশ্বরপাশা সিএসডির ব্যবস্থাপক রেজাউল ইসলাম বলেন, ‘অফিশিয়ালি এখন পর্যন্ত গমের ব্যাপারে অভিযোগ আসেনি। তাপমাত্রার তারতম্যের কারণে পোকা একটু-আধটু লাগতে পারে, তবে তা খাওয়ার অনুপযোগী নয়। এখানে ২৬ হাজার মেট্রিক টন গম ছিল। এর মধ্যে ২০ হাজার মেট্রিক টনের বেশি বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে পাঠানো হবে।’
অনুসন্ধানে জানা যায়, খুলনা সিটি করপোরেশন এলাকায় ৬৬ জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে আটা বিক্রি হয়ে থাকে। ২৭টি আটাকলের মালিক খাদ্য বিভাগ থেকে গম নিয়ে তা ভাঙিয়ে ওএমএস ডিলারদের সরবরাহ করে থাকেন। তারক অ্যান্ড পরশ ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক তরুণ কুমার সাহা তাঁদেরই একজন। তিনি বলেন, ‘আমদানি করা নিম্নমানের গমের সরকারি মূল্য কেজিপ্রতি ১৯ টাকা। অথচ একই দামে বাজারে ভালো গম পাওয়া যাচ্ছে। লাইসেন্স টিকিয়ে রাখতে প্রথম দিকে কিছু গম তুলেছিলাম। সেগুলোও ভালো গমের সঙ্গে মিশিয়ে আটা বানিয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক মিতালী ফুড ইন্ডাস্ট্রিজের একজন কর্মকর্তা বলেন, ‘আমদানি করা ওই গম খুবই খারাপ মানের। এক দফা গম তুলেছিলাম। পরে আরও ৫৭ টন বরাদ্দ পেলেও তুলিনি। খাদ্য বিভাগের কর্মকর্তারা চাপ দিয়েছিলেন। লোকসান মেনে নেওয়া যায়, তাই বলে মিলের বদনাম তো মানা যায় না।’ তিনি আরও বলেন, গমগুলো ছোট ও লালচে। ঠিকমতো ভাঙে না, খুদ (ক্ষুদ্র দানা) হয়ে পড়ে যায়। আর যে ভুসিটা হয়, সেটাও গুঁড়া হয়ে যায়। মৎস্যখামারিরা ওই ভুসি নিতে চান না।
খালিশপুর নাজমুল ফ্লাওয়ার মিলের মালিক মতি মিয়া বলেন, ‘নিয়মানুযায়ী মিল কর্তৃপক্ষ এক কেজি গমে ৭৭০ গ্রাম আটা ডিলারদের দেবে। কিন্তু এই গমে আটা হয় ৪০০ গ্রাম। তাহলে কীভাবে ওই গম নেওয়া সম্ভব। লোকসান দিয়ে তো ব্যবসা করা যায় না। এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি।’
খুলনা মহানগর ডিলার সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘মাস দুই আগে মিলারদের কাছ থেকে আমরা ১০০ টন আটা পেয়েছিলাম। দুর্গন্ধযুক্ত ওই আটা বিক্রি করতে আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে। বাজারে সাদা দেশি আটা যেখানে ১৮-১৯ টাকা, সেখানে ওএমএসের নিম্নমানের আটার দর ২২ টাকা। মানুষ ওই আটা কেনে না।’
ইকবাল হোসেন বলেন, ‘গত বছর রমজানেও নগরের ৪০ পয়েন্টে ৪০ টন আটা বিক্রি হতো। এবার নিম্নমানের গমের কারণে মিলাররা আটা কিনছে না, আমরাও বিক্রি করতে পারছি না। দুই মাস ধরে খোলাবাজারে আটা বিক্রি বন্ধ থাকায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একই সঙ্গে ভোগান্তিতে পড়েছে নগরের নিম্ন ও মধ্য আয়ের মানুষ।’
নাম প্রকাশে অনিচ্ছুক চালনা এলএসডি গুদামের একজন কর্মকর্তা জানান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসন থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গম বরাদ্দ দেওয়া হয়। তবে নিম্নমানের হওয়ায় এবারের মজুত থাকা গমে কাঙ্ক্ষিত বিক্রয়মূল্য পাওয়া যাবে না। এতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। কাজের মানও ভালো হবে না।
গম নিয়ে অভিযোগের কথা স্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজম বলেন, ‘অন্য জায়গার কথা জানি না, তবে যতটা প্রচার করা হচ্ছে, খুলনা জেলায় আসা গম অতটা খারাপ না। গমের নমুনা গত মাসের মাঝামাঝি অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় গম বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’