পোড়া তেলে বিরিয়ানি, পচা ডিমে কেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার তৈরিতে পোড়া ও নিম্নমানের পাম তেল ব্যবহার করা হচ্ছিল চট্টগ্রাম নগরের হাজি বিরিয়ানির কারখানায়। পোড়া তেল ব্যবহার হচ্ছিল চিটাগাং বেকারি অ্যান্ড ফুডসের খাদ্যপণ্যেও। বেকারিটির কেকে ভালো ডিমের পাশাপাশি পচা ডিম মেশানো হচ্ছিল। কারখানার নোংরা ও অপরিচ্ছন্ন মেঝেতে ফেলে রাখা হয়েছিল ডালডা, ময়লা হাতে মেশানো হচ্ছিল চকলেট ক্রিম। খাবারের কারখানা দুটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার নগরের চকবাজার ও সিরাজউদ্দৌলা রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, নগরের তিনটি এলাকায় হাজি বিরিয়ানির শাখা রয়েছে। এই তিন শাখায় খাবার সরবরাহ করা হয় চকবাজার এলাকার কারখানা থেকে। ওই কারখানায় অভিযান চালিয়ে দেখা গেছে, খুবই নিম্নমানের ময়লা পাম তেল রান্নায় ব্যবহার হচ্ছে। পাশে একটি বালতিতে সংরক্ষণ করা হচ্ছিল পোড়া তেল। এই তেলও রান্নায় ব্যবহার করে তারা। অভিযান চালানোর সময় কারখানা কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সিরাজউদ্দৌলা রোডের চিটাগাং বেকারি অ্যান্ড ফুডসের কারখানাটিতে দেখা গেছে, নোংরা পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি ইত্যাদি বানানো হচ্ছে। খাবারে দীর্ঘদিনের পুরোনো চিনির সিরা, ডালডা, এমনকি পচা ডিম মেশানো হচ্ছে। কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দুই কারখানা থেকে মোট ৭০ লিটার নিম্নমানের পাম তেল, এক বালতি পোড়া তেল, ১৫ কেজি বেকারিপণ্য ও পচা ডিম জব্দ করে নষ্ট করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।