রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির পরীক্ষায় খোলামেলা নকল চলছে। গতকাল এক বস্তা নকল পোড়ানো হয়েছে। আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সূত্র জানায়, রাজশাহীর আইএইচটিতে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের পরীক্ষা চলছে। গতকাল শনিবার বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ও বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট চতুর্থ পত্রের পরীক্ষার বিষয় ছিল। পরীক্ষার্থী ছিলেন ৩০৫ জন।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ গতকাল এই পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, পরীক্ষা শুরু হওয়ার পরে সব শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। কক্ষ পরিদর্শকের কাছে নকল জমা দেওয়ার জন্য তাঁদের দুই মিনিট সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যে প্রায় এক বস্তা নকল উদ্ধার করা হয়। এরপরও আটজন শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। তাঁদের বহিষ্কার করা হয়। বস্তায় ভরা সব নকল পরীক্ষার্থীদের সামনেই পুড়িয়ে ফেলা হয়।