পোলট্রি খামার নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও ফের সংঘর্ষের আশঙ্কা
>কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, ভুয়া দলিলে তাঁদের জমি ক্রয় দেখিয়ে প্রতিষ্ঠানটি সেখানে স্থাপনা নির্মাণ করছে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চান্দখানা ইউনিয়নের চরকবন্দ গ্রামে নর্থ পোলট্রি ফার্ম নামের একটি খামার নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিরোধ চলছে। এ নিয়ে সেখানে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার সেখানে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। আবারও অনেকে সংঘর্ষের আশঙ্কা করছেন।
কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, ভুয়া দলিলে তাঁদের জমি ক্রয় দেখিয়ে প্রতিষ্ঠানটি সেখানে স্থাপনা নির্মাণ করছে। তবে প্রতিষ্ঠানের দাবি, বৈধভাবে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
ওই খামারের দায়িত্বশীল একজন কর্মকর্তা ও পুলিশের অভিযোগ, শুক্রবার বিকেলে চরকবন্দ গ্রামে ওই পোলট্রি ফার্মের কেনা জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ সময় এলাকাবাসী সংগঠিত হয়ে বাধা সৃষ্টি ও ভাঙচুর করে। পুলিশ উপস্থিত হলে তাদের ওপর হামলা চালান স্থানীয় লোকজন। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি গুলি ও চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পোলট্রি খামারের কেনা জমির চেয়ে অবৈধভাবে বেশি জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন খামারের লোকজন। এ নিয়ে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ওই খামারের লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এসব ঘটনায় সাধারণ লোকজনের নামে দুটি মিথ্যা মামলা করে খামার কর্তৃপক্ষ। দুটি মামলায় ৪২ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখনো ২৮ জন কারাগারে আছেন। কারাগারে আটক গ্রামের নজরুল ইসলামের জমির ওপর শুক্রবার সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করলে তাঁর (নজরুল) স্ত্রী জেসমিন আক্তার বাধা দেন। এ সময় পুলিশের উপস্থিতিতে তাঁকে লাঞ্ছিত করেন খামারের লোকজন। এর প্রতিবাদ করতে গেলে ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজার রহমানকেও লাঞ্ছিত করেন তাঁরা। এর প্রতিবাদে স্থানীয় লোকজন এগিয়ে এলে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। পুলিশের হামলা ও গুলিতে ১০ গ্রামবাসী আহত হন। তাঁদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ আফজাল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে পুলিশের ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান হাফিজারসহ ২০ জন ও অজ্ঞাত দুই শতাধিক গ্রামবাসীকে আসামি করে শুক্রবার রাতেই থানায় একটি মামলা করেন উপপরিদর্শক (এসআই) রায়হান আলী। ওই মামলার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে তাঁদের (স্থানীয় বাসিন্দা) অভিযোগ, ‘থানায় গেলে আমাদের মামলা নেয় না পুলিশ। বরং পুলিশ দখলদারের পক্ষ নিয়ে আমাদের হয়রানি করছে।’
ইউপি চেয়ারম্যান হাফিজার বলেন, ‘বাধা দেওয়া সত্ত্বেও খামারের লোকজন প্রাচীর নির্মাণ করতে এলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সেখানে আমিও লাঞ্ছিত হয়েছি।’
নর্থ পোলট্রি ফার্মের পক্ষে জমি কেনাসহ নির্মাণকাজের দায়িত্বে রয়েছেন চান্দখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন, ‘একটি চক্র ফার্ম প্রতিষ্ঠা ও নির্মাণকাজে চক্রান্ত করছে। তারা এলাকার মানুষকে বোঝাচ্ছে, এখানে ফার্ম করতে না দিলে তারা এখান থেকে চলে যাবে। তখন যাঁরা জমি বিক্রি করেছেন বা বায়না নিয়েছেন, তাঁদের টাকাও ফেরত দিতে হবে না, জমিও ফেরত পাবেন। এভাবে ভুল বুঝিয়ে গ্রামবাসীকে দিয়ে নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বৈধ কাগজপত্র দেখে জমি কিনেছি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি বলেন, প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির জরুরি সমাধান প্রয়োজন। অন্যথায় যেকোনো মুহূর্তে সেখানে বড় ধরনের সংঘর্ষ হতে পারে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, সেখানে পুলিশের ওপর হামলার কারণে মামলা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।