পোশাক কারখানা থেকে ১৫ লাখ টাকা লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যবাড্ডায় একটি পোশাক কারখানার ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, গতকাল রোববার রাতে ওই কারখানার তিন নিরাপত্তাকর্মীকে অচেতন করে আরেক নিরাপত্তাকর্মী এই টাকা লুট করেন।
ঘটনার পর থেকে ওই নিরাপত্তাকর্মী পলাতক। অচেতন অবস্থায় তিন নিরাপত্তাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার পলাতক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শামসের রিজিয়া ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার কর্মকর্তারা জানান, মধ্য বাড্ডায় ১০ তলা ভবনের পুরোটাই পোশাক কারখানা। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা ও সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত দুটি পালায় চারজন করে নিরাপত্তাকর্মী কারখানা ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে মোজাম্মেল, লোকাস বাড়ই, নিজাম ও বাবুল মিয়া নামের চারজন নিরাপত্তাকর্মীর দায়িত্ব শুরু হয়।
আজ সকাল ছয়টার দিকে অন্য নিরাপত্তাকর্মীরা গিয়ে দেখেন, মোজাম্মেল, লোকাস বাড়ই ও নিজাম কারখানার নিচে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে দশম তলায় গিয়ে দেখেন, দরজার কাচ, কারখানার চেয়ারম্যান ও দুই কর্মকর্তার কক্ষে থাকা তিনটি ভল্ট ভাঙা। এসব ভল্ট থেকে ১৫ লাখ টাকা খোয়া গেছে। পরে ওই তিন নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর ওই তিনজনের দেওয়া ভাষ্য অনুযায়ী, বাবুল মিয়া তাঁদের জুস খাইয়ে অচেতন করে এ ঘটনা ঘটিয়েছেন।
‘প্রথম আলো’কে দেওয়া কারখানার চেয়ারম্যান আজমল হোসেনের ভাষ্য, তিন নিরাপত্তাকর্মীকে অচেতন করে সহজেই কাচের দরজা ভেঙে টাকা লুট করেছেন বাবুল। এক মাস আগে বাবুল কারখানায় চাকরি নেন। আজমল বলেন, তিনি গতকাল কারখানার শ্রমিকদের বেতন দিয়েছেন। এই টাকা শ্রমিকদের ওভার টাইমের জন্য রাখা হয়েছিল।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ‘প্রথম আলো’কে বলেন, অভিযোগ পেয়েছি, চাকরির প্রথম বেতন দিয়ে কিছু খাওয়ানোর কথা বলে তিন নিরাপত্তাকর্মীকে জুস খাওয়ান ওই নিরাপত্তাকর্মী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।