পোশাক কারখানায় সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুটের দাবিতে (পরিত্যক্ত কাটা কাপড়) একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গতকাল শনিবার বিকেলে মাসদাইর গাবতলী টাগারপাড় এলাকার দুই দফায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যা ব ও পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
কে অ্যান্ড জেড পোশাক কারখানার স্বত্বাধিকারী ও বিকেএমইএর সাবেক পরিচালক জাকারিয়া মঞ্জু জানান, গতকাল বিকেলে গাবতলীর ছাত্রলীগের নেতা মিঠু হত্যা মামলার আসামি নবীর হোসেনের ছেলে জনি, জিলানীর ছেলে উজ্জ্বল, রফিকসহ কয়েক সন্ত্রাসী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে ঝুট দাবি করে। কিন্তু কারখানার উৎপাদন কর্মকর্তা (পিএম) তাদের মালিকের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু তারা এখনই তাদের ঝুট দিতে হবে বলে পিএমকে শাসাতে থাকে। পিএম বিষয়টি তাঁকে অবহিত করলে তিনি পুলিশ প্রশাসন ও বিকেএমইএর সভাপতি সাংসদ সেলিম ওসমানকে জানান। এ সময় সন্ত্রাসীরা কারখানা থেকে নেমে যাওয়ার সময় নিরাপত্তা প্রহরীকে এলোপাতাড়ি পেটায়। পরে পুলিশ ও র্যা ব এসে কারখানাটি ঘিরে ফেলে আজিমুল নামের এক সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে নিয়ে যায়। অন্যরা কারখানার দেয়াল টপকে পালিয়ে যায়। পরে র্যা ব-পুলিশ চলে গেলে সন্ধ্যায় জনি, রফিক ও উজ্জ্বলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি গ্রুপ অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আবার কারখানায় হামলা চালায়। এ সময় ভয়ে ও আতঙ্কে নিরাপত্তা প্রহরীরা কারখানার গেট বন্ধ করে দেন। পরে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার জানালার কাচ ভাঙচুর করে।
জাকারিয়া মঞ্জু বলেন, ‘হামলার বিষয়টি জানাতে আমি পুলিশ ও র্যা বকে ফোন দিই। পুলিশ ও র্যা ব পুনরায় এসে লোহার রড ও দেশি অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে তিন সন্ত্রাসীকে আটক করে।’
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঝুট না দেওয়ায় সন্ত্রাসীরা রপ্তানিমুখী পোশাক কারখানায় হামলা চালিয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: আজিমুল (২২), জাহিদুল ইসলাম (৩৫), মিলন (২০) ও ওয়ারেশ মোল্লা (৩৬)।