পোশাক কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংক এলাকায় এক পোশাক কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১৫০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শ্রমিকের নাম হারুনুর রশিদ ওরফে রাকিব (২৮)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চৌঘর এলাকার শরিফ উদ্দিনের ছেলে। নিহত হারুনুর রশিদ চাঁনমারী এইচ এস প্রিন্স নামের এক পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

এক রিকশাচালকের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হারুনুর রশিদ কারখানার রাতের দায়িত্ব শেষে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে পূর্বপরিচিত ওই রিকশাওয়ালার রিকশায় করে দেওভোগ পানির ট্যাংক এলাকায় যাচ্ছিলেন। ওই এলাকার কাছাকাছি এলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসা তিন যুবক হারুনুর রশিদের রিকশার গতিরোধ করেন। হারুনকে তাঁরা বলেন, ‘তোর কাছে পাওনা পাঁচ হাজার টাকার এখনো কেন ফয়সালা করলি না?’ এই বলে ওই যুবকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে নিরাপত্তাপ্রহরীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ১৫০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত হারুনের বাবা শরিফ উদ্দিন জানান, তাঁর ছেলের কোনো শত্রু আছে বলে তাঁর জানা নেই। কারখানা থেকে বাড়ি ফেরার পথে ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করে হত্যা করেছে। তিনি বলেন, ‘আমার ছেলে হত্যার বিচার চাই।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, হারুনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা কিছু নেয়নি দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।