পোশাক কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকায় মাসকো গ্রুপের তাসনিয়া ফেব্রিকস লিমিটেডের কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল থেকে নয়াপাড়ার ওই কারখানায় কাজ চলছিল। বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী মণ্ডল, কটন ক্লাব (বিডি) ও মাল্টি গার্মেন্টসের শ্রমিকেরা গরমে অসুস্থ হয়ে পড়লে সেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। ওই সব কারখানার শ্রমিকেরা বাড়ি ফেরার সময় তাসনিয়া গার্মেন্টসের শ্রমিকেরাও ছুটি দেওয়ার দাবি জানান। একপর্যায়ে বহিরাগত শ্রমিকেরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে বহিরাগত শ্রমিকেরা কারখানার ভেতরে ঢুকে ৩০টি কম্পিউটার, ২টি বাস, ৩টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, কারখানার দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প ও থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দেয়।
তাসনিয়া কারখানা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। হামলায় তাঁদের কারখানার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, কারখানায় ভাঙচুর চালানোর খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। এতে তাঁরা উত্তেজিত হয়ে পড়লে লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।