পোশাক খাতের শ্রমিক নেতা-কর্মী হামলার শিকার হয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাক খাতের শ্রমিক সংগঠনের এক কর্মী ও এক নেতার ওপর হামলা হয়েছিল। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ছবিতে এ দুটি ঘটনা ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রমিক অধিকার সংগঠন এবং একই দেশের বিখ্যাত পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ওই দুই ঘটনা পৃথকভাবে তদন্ত করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।
মার্কিন পত্রিকাটি জানায়, হামলার শিকার ওই শ্রমিকনেতা একজন নারী। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়, তাঁকে মারধর করতে করতে ক্যামেরার আওতার বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে। আর অপর ঘটনায় একজন কর্মীকে ধাওয়া করে ধরে ঘুষি মারতে দেখা যায়। চট্টগ্রামে আজিম গ্রুপের দুটি কারখানায় গত ১০ নভেম্বর এ দুটি হামলা হয়। এর তিন মাস আগে একটি কারখানার বাইরে মিরা বসাক নামের এক নারী শ্রমিকনেতাকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। ওই কারখানা এবং আহত নারীর কর্মস্থল—দুটিরই মালিকানা আজিম গ্রুপের। ওই নারীর মাথায় অন্তত ২০টি সেলাই লেগেছিল বলে শ্রমিক সংগঠনের কর্মীরা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের নির্দেশেই দুর্বৃত্তরা গত ২৬ আগস্ট ওই হামলা চালিয়েছিল। তবে আজিম গ্রুপ দাবি করছে, ওই নারীর সাবেক স্বামীর সঙ্গে বিবাদের জেরে হামলা করা হয়েছিল। আর প্রতিষ্ঠানটির আইনজীবীরা বলছেন, হামলাটি কর্মঘণ্টা এবং কারখানার বাইরে ঘটেছিল। তাই এ ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের সংগঠন করার অধিকার দেওয়া হচ্ছে কি না, যুক্তরাষ্ট্র ও ইউরোপ এবং শ্রমিকবান্ধব বিভিন্ন সংগঠন যাচাই করে দেখছে। রানা প্লাজা ধসে অন্তত ১ হাজার ১০০ শ্রমিক নিহত হওয়ার পর ওবামা প্রশাসন গত বছর বাংলাদেশের জন্য বাণিজ্যসুবিধাগুলো গত বছর স্থগিত করে।
আজিম গ্রুপের দুটি কারখানায় সাম্প্রতিক এই হামলাগুলোর পর ভিএফ ও লিঅ্যান্ড ফাং নামের দুটি পোশাক আমদানিকারক বিদেশি প্রতিষ্ঠান আজিম গ্রুপকে দেওয়া পোশাকের ফরমায়েশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তদন্ত প্রতিবেদন দেখে ভিএফ করপোরেশন ১৩ ডিসেম্বর আজিম গ্রুপকে জানায়, শ্রমিক অধিকার সুরক্ষা এবং শ্রমিকনেতাদের ওপর নতুন করে হামলা বন্ধ করতে ৩১ ডিসেম্বরের মধ্যে জোরালো পদক্ষেপ না নিলে আজিম গ্রুপের সঙ্গে ভিএফ কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবে না।
আজিম গ্রুপের ২৪টি কারখানায় ২৭ হাজার শ্রমিক রয়েছেন। গ্রুপের পরিচালক ফারহান আজিম বলেন, ২৬ আগস্ট আহত নারীর চিকিৎসার খরচ এবং কাজে দীর্ঘদিনের অনুপস্থিতিজনিত ক্ষতিপূরণ দিতে তাঁরা যতটুকু সম্ভব সহায়তা করেছেন। প্রতিষ্ঠানটি শ্রমিকনেতাদের সঙ্গে নিয়মিত আলোচনায় বসে। বছরের পর বছর ধরে শ্রমিক সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে আসছে আজিম গ্রুপ।
শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, তাঁরা ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন। এটা তাঁদের জন্য উদ্বেগের বিষয়।
যোগাযোগ করা হলে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ভিডিওটি দেখেছি। বাণিজমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী ও শিল্পসচিব কারখানাটি পরিদর্শন করে তদন্ত করেছেন। এ ছাড়া শ্রমিকনেতা শুক্কুর মাহমুদের নেতৃত্বে গঠিত একটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। কোনো কিছুতেই শ্রমিক নির্যাতনের কোনো প্রমাণ আমরা পাইনি।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘৩০ বছর ধরে কারখানাটিতে ট্রেড ইউনিয়ন আছে। মালিক কখনোই ইউনিয়ন করতে শ্রমিকদের বাধা দেন নাই। কেন এমন অপপ্রচার চালানো হচ্ছে আমাদের বোধগম্য নয়।’ কাল বিকেলে কারখানার মালিক ও বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।