পোশাক রপ্তানির নামে ১০০ কোটি টাকা পাচার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক রপ্তানির নামে ১০০ কোটি টাকা পাচারের অভিযোগে এসএন ডিজাইন নামের এক পোশাক কারখানার বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
রাজধানীর মতিঝিল থানায় গতকাল বুধবার এসএন ডিজাইনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিপ্লব কুমার সরকার মামলাটি দায়ের করেন। অ্যান্টি মানি লন্ডারিং আইনে দায়ের করা এই মামলায় মূল আসামি করা হয়েছে কারখানাটির স্বত্বাধিকারী শহিদুল ইসলামকে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পেজে গতকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
মুদ্রা পাচারের ঘটনাগুলো আগে দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত ছিল। মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এটি প্রথম ফৌজদারি মামলা। দীর্ঘ অনুসন্ধান চালানোর পর এনবিআর ও অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে মামলাটি করা হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, এসএন ডিজাইন ২০১০-২০১৫ পর্যন্ত ২৯৭টি চালানে পোশাক রপ্তানি করে। তবে রপ্তানি আদেশের বিপরীতে কোনো বৈদেশিক মুদ্রা দেশে আনেনি তারা। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে সাতটি চালানের কনটেইনার আটক করে শুল্ক গোয়েন্দারা।
কাগজপত্র যাচাই-বাছাই করে শুল্ক গোয়েন্দারা দেখে, ব্যাংকের ইএক্সপি ফরম ও ঋণপত্র (এলসি) জাল করে এসব পোশাক রপ্তানির চেষ্টা করা হয়। পরে কাস্টমস থেকে গত পাঁচ বছরের তথ্য সংগ্রহ করে দেখা যায়, রপ্তানি হওয়া আগের ২৯০টি চালানের ক্ষেত্রেও ব্যাংকের কাগজ জাল ছিল। সোনালী ব্যাংকের মতিঝিল শাখা, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখা ও ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার গ্রাহক দেখিয়ে প্রতিষ্ঠানটি এ জালিয়াতি করে। রপ্তানির শর্ত অনুযায়ী, পোশাক রপ্তানির বিপরীতে বৈদেশিক মুদ্রা দেশে আসার কথা থাকলেও তা হয়নি। বিদেশে অন্য কোনো ব্যাংক হিসাবে অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে। এসএন ডিজাইন ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিপাইনে পোশাক রপ্তানি করে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, এসএন ডিজাইনের ঢাকার মিরপুর (৩৮ সেনপাড়া) এলাকায় হলেও বর্তমানে কোনো অস্তিত্ব নেই।