পোশাককর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মো. আরিফ (২২) নামের এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৯ টার দিকে নগরের পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত আরিফ খুলনার মহিদুল শেখের ছেলে।

আরিফের মামা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বিটাক মোড় এলাকায় তাঁদের বাসা। শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর বাসা থেকে বের হন তাঁর ভাগনে আরিফ। রাত সাড়ে আটটার দিকে ১০ থেকে ১৫ জন যুবক আরিফকে মারধর করতে থাকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে না মারতে অনুরোধ করেন। এরপর ওই যুবকেরা তাঁকেও মারধর করে। পরে তাঁর ভাগনেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরিফকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, নিহতের বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।