পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে দুজন ও আজ সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ধর্ষণের ওই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইল সদরের কেশমমাইজার গ্রামের আবদুল হালিমের ছেলে কাওসার আলী (২০), গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার আরব আলী (৩২) ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার বড়তেরছড়া গ্রামের আবদুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)।

গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, ওই পোশাকশ্রমিক মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। তাঁর ভ্যানচালক স্বামী বর্তমানে অসুস্থ। গত বৃহস্পতিবার সকালে নতুন চাকরির খোঁজে ওই পোশাকশ্রমিক গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁর বোনের বাড়িতে আসেন। ওই দিন রাতে অটোরিকশায় বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছালে ওই চার যুবক রিকশা থেকে নামিয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে স্থানীয় একটি বিলের মধ্যে নিয়ে নৌকায় তুলে ধর্ষণ করা হয়। পরে শুক্রবার ভোরে ওই পোশাকশ্রমিককে ছেড়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ওই পোশাকশ্রমিক গতকাল সকালে কোনাবাড়ী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে গতকাল রাতেই প্রথমে মনির হোসেন ও কাওসার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকালে পুলিশ মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোবারক হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ বলেন, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের আলামতও মিলেছে।