পোশাকশ্রমিকদের কর্মসূচিতে হামলা, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের বাড়ৈপাড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে গতকাল বুধবার শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে এক পুলিশ কর্মকর্তা, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হন।

পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ৈপাড়া এলাকায় গতকাল দুপুরে হেসং বিডি লিমিটেডের তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। চলতি বছরের শুরু থেকে বার্ষিক ছুটির টাকা তিন মাস আগে পরিশোধের দাবি তোলেন শ্রমিকেরা। এর জের ধরে গত ৯ মার্চ দুপুরে কারখানার স্টাফ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় কারখানা কর্তৃপক্ষ ২১৮ জন শ্রমিককে ছাঁটাই করে। কিন্তু ছাঁটাই হওয়া শ্রমিকদের বার্ষিক ছুটি, পাঁচ মাসের বেতন-ভাতা ও আইনানুগ পাওনা পরিশোধ করা হয়নি। ওই ঘটনায় ছাঁটাই হওয়া শ্রমিকেরা বিজিএমইএ, কলকারখানা অধিদপ্তর, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে লিখিত অভিযোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার তারিখ দিলেও তা পরিশোধ করেনি। গতকাল সকালে অবস্থান কর্মসূচির লক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ছাঁটাই হওয়া শ্রমিকেরা ওই কারখানার সামনে অবস্থান নেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে দুপুরে বাড়ৈপাড়া-জালশুকা সড়কে অবস্থান নিয়ে ঝাড়ু মিছিল করেন তাঁরা। খবর পেয়ে ওই কারখানার কর্মকর্তা-কর্মচারী ও কারখানার ভাড়াটে লোকজন লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান কর্মসূচিতে হামলা চালান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ছাঁটাই হওয়া শ্রমিকেরা দৌড়ে পালানোর চেষ্টা করলেও রক্ষা পাননি। ধাওয়া করে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয়। এতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাফিয়া পারভিন, গাজীপুর-২ শিল্প পুলিশের এএসআই শাহিনুর ইসলামসহ কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের মধ্যে ঝুট ব্যবসায়ী হুমায়ুন ও কারখানার দুই স্টাফকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাফিয়া পারভিন কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তাসহ ১৬-১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা সাফিয়া পারভিন বলেন, ‘বিজিএমইএ, কলকারখানা অধিদপ্তর, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সঙ্গে ছয়বার চুক্তি করলেও শ্রমিকদের বার্ষিক ছুটির টাকা, পাঁচ মাসের বেতন, ভাড়া ও আইনানুগ পাওনা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। সর্বশেষ ৬ আগস্ট পাওনাদি পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। আমরা ছাঁটাই হওয়া শ্রমিকদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ সময় কারখানার ভাড়াটে কিছু লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেন।’

হেসং বিডি কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, যথাযথ প্রক্রিয়ায় শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এরপরও বহিরাগত কিছু শ্রমিকনেতার উসকানিতে তাঁরা কারখানার একজন স্টাফকে মারধর করেন। পরে কারখানার অন্য শ্রমিকেরা বাইরে গিয়ে তাঁদের ধাওয়া করে তাড়িয়ে দেন।

শিল্প পুলিশ গাজীপুর-২-এর সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে কারখানার কর্মকর্তারা ও বহিরাগত কিছু লোক হামলা চালিয়েছেন। এতে শিল্প পুলিশের এএসআইসহ কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।