পোশাকশ্রমিকের পেটে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টা
ঢাকার আশুলিয়ার বাশাইদ এলাকায় একটি পোশাক কারখানার এক শ্রমিকের পায়ুপথে যন্ত্রের সাহায্যে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার ওই কারখানায় এই ঘটনা ঘটে।
সাহাবুদ্দিন ফরহাদ (২২) নামের ওই শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে কারখানার পক্ষ থেকে পুলিশকে না জানাতে ফরহাদের বাবা আতিকুর রহমানকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফরহাদ পরিবারের সঙ্গে কারখানার পাশে বাশাইদ এলাকায় থাকেন।
ফরহাদের ভগ্নিপতি লালু মিয়া বলেন, তাঁর শ্যালক ফরহাদ স্থানীয় মুজাট নিট লিমিটেডের ফিনিশিং বিভাগে কাজ করেন। গত সোমবার বেলা দুইটার দিকে ফরহাদ তাঁর দায়িত্ব পালন করছিলেন। এ সময় ফয়সাল নামে এক শ্রমিক আরও দুই শ্রমিকের সহায়তায় ফরহাদকে ধরে ময়লা পরিষ্কার করার যন্ত্রের পাইপ তাঁর পায়ুপথে ঢুকিয়ে পেটে বাতাস দেন। একপর্যায়ে ফরহাদের পেট ফুলে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অস্ত্রোপচার শেষে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, বাতাসের চাপে ফরহাদের নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে ওই সব অন্ত্র জোড়া দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য গতকাল বেলা তিনটার দিকে কারখানার ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা এই প্রতিনিধিকে ঢুকতে দেননি। তবে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার ফিনিশিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফরহাদের বাবা আতিকুর রহমানের আপত্তির কারণে বিষয়টি পুলিশকে জানানো হয়নি। আর তাঁর (আতিকুর) অভিযোগ না থাকায় জড়িত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে ফরহাদের বাবা আতিকুর রহমান বলেন, ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ স্থানীয় কতিপয় প্রভাবশালীর মাধ্যমে তাঁকে কারখানায় ডেকে নিয়ে বিষয়টি নিয়ে থানা-পুলিশ না করার জন্য শাসিয়ে দেন। এরপর তাঁর কাছ থেকে একাধিক সাদা কাগজে সই নেওয়া হয়। এরপর জড়িত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। তবে কারখানার ফিনিশিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান চাপের মুখে আতিকুরের কাছ থেকে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।