১৯ দিন ধরে পোড়া শরীর নিয়ে হাসপাতালের শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন অ্যানি বিশ্বাস। চিকিৎসক বলছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অ্যানির অভিযোগ, যৌতুকের জন্য তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন শাশুড়ি ও বড় ননদ। তবে তাঁর শ্বশুর দিলীপ মহাজন মুঠোফোনে বলেন, ‘অ্যানির গায়ে আগুন লাগার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ কারণে কীভাবে আগুনে লেগেছে আমরা তা জানি না। হয়রানি করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’
আগুনে অ্যানির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আগুনে অ্যানির বুক, পেট ও পিঠ খুব গভীরভাবে পুড়ে গেছে। তাঁর রক্তের মধ্যে সংক্রমণ ছড়িয়ে গেছে। অ্যানির অবস্থা আশঙ্কাজনক।
অ্যানির বাবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী গ্রামে। তিনি রাউজানের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অ্যানির অভিযোগ, বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন তাঁর পড়াশোনা বন্ধ করে দেয়।
গতকাল চমেক হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, বুকে-পিঠে ব্যান্ডেজ মোড়ানো অ্যানি হাসপাতালের শয্যায় শুয়ে আছেন। তাঁর হাত ও মুখসহ শরীরের বিভিন্ন স্থান ফোলা, নাকে নল লাগানো। পাশে থাকা অ্যানির মা রঞ্জু বিশ্বাস জানান, এ বছরের ৮ মে হাটহাজারী উপজেলার পশ্চিম শিকারপুরের প্রবাসী লিটন মহাজনের সঙ্গে অ্যানির বিয়ে হয়। বিয়ের ১২ দিন পর তাঁর স্বামী বিদেশ চলে যান। এরপর থেকে অ্যানি তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। মাঝেমধ্যে তাঁর বড় ও ছোট ননদ সঙ্গে এসে থাকতেন।
মা রঞ্জু বিশ্বাসের কথা বলার সময় হাত দিয়ে ইশারা করে কথা বলতে চান অ্যানি। কাছে গেলে যন্ত্রণাকাতর স্বরে অ্যানি বলেন, ‘বিয়ের তিন দিনের মাথায় আমার গায়ে হাত তোলেন স্বামী ও শাশুড়ি। স্বামী যাওয়ার সময় বলে যান, বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দিতে হবে। তিনি দেশে ফিরে ব্যবসা করবেন। স্বামী বিদেশে যাওয়ার পর প্রায়ই টাকার জন্য শাশুড়ি মারধর করতেন। বড় ননদ (স্বামীর বড় বোন) মন্দিরা বিশ্বাস ও তাঁর স্বামী শ্রীধাম বিশ্বাসও সুযোগ পেলে নির্যাতন করতেন। গত ২১ অক্টোবর শাশুড়ি ও বড় ননদ এসে আলমারির চাবি চান। তাঁরা বলেন, অলংকার বিক্রি করে টাকা জোগাড় করবেন। চাবি দিতে না চাইলে একপর্যায়ে শাশুড়ি এসে গায়ে কেরোসিন ঢেলে দেন, আর বড় ননদ আগুন ধরিয়ে দেন। আমি বাঁচার জন্য দৌড়ে পুকুরে ঝাঁপ দিই।’
ঘটনার ১৭ দিন পর গত সোমবার অ্যানির স্বামী, শাশুড়ি ও বড় ননদকে আসামি করে মামলা করেন অ্যানির বাবা শিবু বিশ্বাস। দেরিতে মামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।’ তিনি বলেন, ‘বিয়ের সময় সাধ্যমতো আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ ও স্বর্ণালংকার দিয়েছি। তারপরও টাকার জন্য মেয়েটাকে মারধর করত। মুদি দোকান চালিয়ে কত দেওয়া যায়!’
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকতার মিয়া বলেন, মামলার পর অ্যানির শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী বিদেশে। বড় ননদ পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে।