পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে কর নির্ধারণে অস্বচ্ছতার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের কর বাড়ানোর প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে সাত দফা দাবিতে এক মাস ধরে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’ ব্যানারে আন্দোলন করছেন নাগরিকেরা। তাঁদের অভিযোগ, একদিকে প্রভাবশালীদের ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে গরিব লোকজনের ওপর অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে।
কয়েকটি বিক্ষোভ মিছিল, পথসমাবেশ শেষে প্রায় এক মাস আগে পৌর মেয়রের (ভারপ্রাপ্ত) কাছে স্মারকলিপি দিয়েছে প্রতিরোধ কমিটি। সাড়া না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের শেষ ধাপে ২১ সেপ্টেম্বর একটি বড় বিক্ষোভ মিছিল শেষে পৌর ভবনের সামনের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে কর বৃদ্ধির প্রক্রিয়ায় কার ওপর কত কর আরোপ করা হয়েছে, তা পৌরসভার ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ কমিটি।
পৌর এলাকার পাঠানপাড়ার মনির হোসেন বলেন, গত বছর তিনি তাঁর বাড়ির কর দিয়েছিলেন ৩৫০ টাকা, যা চলতি বছর ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ তাঁর বাড়ির অবকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, পৌর কর বৃদ্ধি হবে সেটা ঠিক আছে। কিন্তু এক বছরের মধ্যেই এত বেশি হারে বাড়ানো হলে তা মেনে নেওয়া যায় না।
শহরের পুরাতন বাজারের দাউদপুর রোডের দোকানমালিক আনারুল ইসলাম বলেন, ‘গত বছর দোকানের কর দিয়েছি ৪৬০ টাকা। কিন্তু এক বছর পরই তা বাড়িয়ে ৫ হাজার ৪৪০ টাকা করা হয়েছে।’
প্রতিরোধ কমিটির নেতা মনিরুজ্জামান বলেন, ‘আমার বাড়ির কর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪২২ টাকা। অথচ আমার ঠিক পাশের গরিব বাদাম বিক্রেতা পান্ডব মণ্ডলের বাড়ির কর নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৯৮ টাকা। এ রকম বহু অসংগতি রয়েছে। অথচ পৌর ভবনের সামনে বর্তমান পৌর মেয়রের (ভারপ্রাপ্ত) দুই ভাইয়ের দুটি বাণিজ্যিক ভবন রয়েছে। সেগুলোর জন্য কত কর নির্ধারণ করা হয়েছে, তা প্রকাশ করা হচ্ছে না।’ তিনি বলেন, কর ধার্য করার ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে সবাই মনে করছে।
এ ব্যাপারে পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান বলেন, ১০ বছর আগে পৌর কর নির্ধারণ করা হয়। নতুন করে কর নির্ধারণের নিয়ম থাকলেও ভোটের রাজনীতির কারণে আগের দুই মেয়র কর না বাড়িয়ে পৌরসভাকে ক্ষতিগ্রস্ত করেছেন। এই পৌরসভায় হোল্ডিংয়ের সংখ্যা ৩৭ হাজার। কর আদায় হয় মাত্র ৬২ লাখ টাকা। অন্যদিকে নওগাঁর পৌরসভায় হোল্ডিংয়ের সংখ্যা ৩২ হাজার। তিনি আরও বলেন, আগের পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছে কোটি টাকারও ওপরে। এ ছাড়া স্বজনপ্রীতি করে অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছে। এসবের খেসারত এখন দিতে হচ্ছে। তবে তিনি বলেন, উন্নয়ন নিশ্চিত করতে হলে পৌর কর বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে কর নির্ধারণের অভিযোগ অস্বীকার করেন তিনি।