পৌর কাউন্সিলরের ওপর ককটেল হামলা
বগুড়া জেলা যুবদলের সভাপতি ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারের ওপর ককটেল হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকায় ডলফিন টাওয়ারের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তোলেন তিনি।
এতে সিপার আল বখতিয়ার অক্ষত থাকলেও তাঁর সঙ্গী তিমির কান্তি রঞ্জন স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। যুবদল নেতা সিপার প্রথম আলোকে বলেন, বিকেল চারটার দিকে মোটরসাইকেলে করে তিনি এবং তাঁর দুই সঙ্গী জলেশ্বরীতলা হয়ে মালতিনগরের বাসায় যাচ্ছিলেন। জলেশ্বরীতলায় ডলফিন টাওয়ারের সামনে পৌঁছার পর পেছন থেকে তাঁদের লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা করে। ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হলেও স্প্লিন্টারের আঘাতে মোটরসাইকেলের পেছনে বাসা তিমির কান্তি আহত হন। এতে মোটরসাইকেলের পেছনের চাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঝখানে বসে থাকা তিনি এবং মোটরসাইকেলের চালক কবির হোসেন অক্ষত রয়েছেন।
যুবদল নেতা সিপার আল বখতিয়ার দাবি করেন, ককটেল হামলার ঘটনায় এলাকার কয়েকটি বহুতল ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের পরিচয় শনাক্ত করেছেন। হামলাকারী সবাই সরকারি দলের কর্মী। এ ঘটনায় তিনি বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে এই হামলার প্রতিবাদে স্থানীয় যুবদলের কর্মীরা তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। রাত ৯টার দিকে মুঠোফোনে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, এই ঘটনায় সিপার আল বখতিয়ার বাদী হয়ে অভিযোগ করেছেন। অভিযোগটি এজাহারভুক্ত করার প্রক্রিয়া চলছে।