পৌর সচিবকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারদের অযৌক্তিক দাবি না মানায় সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার সচিব রফিকুল ইসলামকে কাউন্সিলর ও ঠিকাদারেরা মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সচিবকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পৌর ভবনে এ ঘটনা ঘটে।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর কাউন্সিলর ও ঠিকাদার রোকনুজ্জামান সম্প্রতি নির্মাণাধীন কাজীপুর পৌর মার্কেটের নির্ধারিত জায়গায় মাটি ভরাটের ঠিকাদারি নেন। কাজ শেষে ঠিকাদারকে তাঁর পাওনা পরিশোধও করে পৌর কর্তৃপক্ষ। এদিকে দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে পৌরসভায় জমা ছিল। বিধি মোতাবেক কাজ শেষ হওয়ার এক বছর পর এই টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু কাজ শেষের এক মাস না যেতেই ওই ঠিকাদার জামানতের টাকা ফেরত দিতে পৌর সচিবের ওপর চাপ সৃষ্টি করেন। অন্যদিকে সাবেক মেয়রের সময় ওই ঠিকাদারেরই মাটি ভরাটের কাজের জন্য সাড়ে চার লাখ টাকার পুনঃপ্রাক্কলন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হলে সেটিও বাতিল হয়ে যায়। এ জন্যও তিনি সচিবকে দায়ী করে পৌরসভা থেকে বাড়তি টাকা দাবি করেন। এ নিয়ে গতকাল সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামানসহ কয়েকজন রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কাউন্সিলর রোকনুজ্জামানের অভিযোগ, দীর্ঘদিন কাজীপুরে থাকার সুবাদে সচিব রফিকুল বেপরোয়া হয়ে উঠেছেন। তঁার নানা অনিয়ম নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সচিব অশালীন কথা বললে তাঁকে চড়-থাপ্পড় দেওয়া হয়।

পৌর মেয়র নিজাম উদ্দিন বলেন, সচিব কাউন্সিলরদের অন্যায় আবদার রাখেননি বলে তাঁকে পেটানো হয়েছে।

পৌর সচিব রফিকুল ইসলাম বলেন, মাটি ভরাটের রিভাইজ এস্টিমেটের প্রস্তাব বাতিল করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অথচ ঠিকাদার অযৌক্তিকভাবে অর্থ পরিশোধের জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করছেন। তা ছাড়া জামানতের টাকাও এক বছর পার না হলে ফেরত দেওয়া সম্ভব নয়। এ-সংক্রান্ত তাঁদের অযৌক্তিক দাবি মানতে না পারায় তাঁকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানান পৌর সচিব।