পৌরসভা কার্যালয়, হাসপাতালে হামলা, ব্যাংক লুটের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ে গতকাল মঙ্গলবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরে পৌরসভা কার্যালয়ের ভেতরে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় লুটপাটের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করে।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকনুজ্জামান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজন গত ৩০ এপ্রিল আমার কাছে চাঁদা দাবি করে। না দিলে তারা ক্ষেপে যায়। এর জের ধরে তারা পৌরসভায় হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করেছে।’

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, এটি তাঁর বিরুদ্ধে অপপ্রচার।

সোনালী ব্যাংকের উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক রোকসানা পারভীন জানান, সন্ধ্যা ছয়টার দিকে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ব্যাংকে লুটের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে কার্যালয়ের জানালা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহেদুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা জরুরি বিভাগে ঢুকে প্রথমে চেয়ার ভাঙচুর করে। পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করে।’ সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।