পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছে। বাজার ইজারার দরপত্রের খাম খোলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঠিকাদার কামাল উদ্দিন গত সোমবার রাতে কসবা থানায় ওই মামলা করেন। তিনি দরপত্র বাতিল করে প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়রের কাছে অভিযোগ করেছেন।
কামাল উদ্দিন বলেন, দরপত্র দাখিলকারী এবং দরপত্র কমিটির অনুপস্থিতিতে কামরুজ্জামান তাঁর দরপত্রের খাম খুলে দর দেখেন। ইজারা অন্যকে পাইয়ে দেওয়ার জন্য তিনি তথ্য পাচার করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কসবা পৌরসভা পুরাতন বাজার ও অটোরিকশাস্ট্যান্ড বাংলা ১৪২২ সন থেকে এক বছরের জন্য ইজারা দেওয়া হবে। সে জন্য দরপত্র আহ্বান করা হয়। গত সোমবার দরপত্র দাখিলের শেষ দিন ছিল। ঠিকাদার কামাল উদ্দিন সোমবার দরপত্রটি পৌরসভার দরপত্র বাক্সে ফেলে দেন।
গোপন সূত্রে খবর পেয়ে সেদিন তিনি পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখেন, প্রকৌশলী কামরুজ্জামান দরপত্রের খামগুলো ঘাঁটাঘাঁটি করছেন।
পরে বেলা তিনটায় দরপত্র খোলা হলে কামাল উদ্দিন দেখেন তাঁর ফেলা খামসহ আরও কয়েকটি দরপত্রের খাম খোলা।
কামরুজ্জামান বলেন, দরপত্রের বাক্সটির চাবি সচিবের কাছে ছিল। দরপত্রে সিডিউল সিলগালা করে দেওয়ার কথা। কামাল উদ্দিন সিডিউল সিলগালা করে না দিয়ে নিজের দোষ অন্যের ওপর চাপাচ্ছেন।
পৌরসভার সচিব আয়েশা বেগম বলেন, বাক্সের চাবি তাঁর কাছেই ছিল। সবার সামনেই তিনি বাক্সের সিডিউল খুলেছেন। তবে দুটি সিডিউলের পিন খোলা ছিল।
মেয়র মুহাম্মদ ইলিয়াছ বলেন, দরপত্র আহ্বানের সময় সিডিউল সিলগালা করে দেওয়ার কথা থাকলেও কামাল উদ্দিন খামে পিন লাগিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এজাহারটি সাধারণ ডায়েরি করে পুলিশ সুপারের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পাঠানো হয়েছে। বিষয়টি দুদক তদন্ত করবে।