প্যাকেজ প্রোগ্রামের নামে টাকা লোপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ‘প্যাকেজ প্রোগ্রামের’ মাধ্যমে কয়েক শ কোটি টাকা লোপাটের অভিযোগ করেছেন রেলওয়ের পাকশী বিভাগের তালিকাভুক্ত শতাধিক ঠিকাদার। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁরা লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন।
একই বিষয় নিয়ে ওই ঠিকাদারেরা গতকাল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হাশেম আলী মিলনায়তনে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন। সেখানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো অভিযোগপত্রটি পাঠ করা হয়। এতে বলা হয়, রেলওয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উৎকোচ নিয়ে অনৈতিকভাবে স্থানীয় ঠিকাদারদের প্রাপ্য ছোট অঙ্কের কাজগুলো একত্র করে ‘প্যাকেজ প্রোগ্রামে’র মাধ্যমে বড় অঙ্কের দরপত্র আহ্বান করছেন। ফলে গুটি কয়েক বড় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাচ্ছে। অর্থনৈতিকভাবে পঙ্গু হতে বসেছেন এখানকার ক্ষুদ্র পুঁজির ঠিকাদারেরা। তাঁরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না।
তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম বলেন, আগে ছোট ঠিকাদারদের দেওয়া কাজের মান ভালো হতো না। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা কাজ শেষ করতে পারতেন না। তাই প্যাকেজ প্রোগ্রামের আওতায় বড় ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে। এতে টাকা লুটপাটের অভিযোগ ঠিক নয়।
সমাবেশে ঠিকাদারেরা বলেন, ২০১৫-১৬ অর্থবছর থেকে দুর্নীতিবাজ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আর্থিক সুবিধা নেওয়ার জন্য রেলে ‘প্যাকেজ’ পদ্ধতি চালু করেন। তাঁরা কিছু বড় ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব কাজ দিচ্ছেন। রেলের অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বর্তমানে এসব বড় ঠিকাদারি প্রতিষ্ঠানে উচ্চ বেতনে কর্মরত। তাঁরা রেলে ঠিকাদারি আইনের অনেক ‘ফাঁক-ফোকর’ বোঝেন। ফলে তাঁদের বুদ্ধি ও পরামর্শ অনুযায়ী রেলের মহাপরিচালকসহ কয়েকজন কর্মকর্তা এ ব্যবস্থা চালু রাখার জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রস্তাব রাখছেন।
রেলওয়ের পাকশী বিভাগ ঠিকাদার সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বলেন, ক্ষুদ্র ঠিকাদারেরা যে টাকায় কাজ সম্পন্ন করেন সেই ধরনের কাজ বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করানো হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি টাকায়। এর ফলে রেলের শতকোটি টাকা লোকসান হচ্ছে।
জ্যেষ্ঠ ঠিকাদার চান্না মণ্ডল বলেন, ‘এ অঞ্চলের ক্ষুদ্র রেল ঠিকাদারদের বাঁচাতে ও রেলকে শতকোটি টাকার লোকসান থেকে রক্ষা করতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন ঠিকাদার হাবিবুল ইসলাম, বাবু মণ্ডল, আনোয়ারুল ইসলাম, এনামুল হক বিশ্বাস, খালেকুজ্জামান, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ। তাঁরা বলেন, অবিলম্বে ‘প্যাকেজ প্রোগ্রাম’ বাতিল না করা হলে আন্দোলন করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী বলেন, বর্তমানের সব প্যাকেজ প্রোগ্রাম তিনি যোগদানের আগে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা থেকে এগুলো অনুমোদন করা হয়েছে। আগামী অর্থবছরেও এ ধরনের কাজের প্রস্তাব রয়েছে। তবে এতে ক্ষুদ্র ঠিকাদারদের লোকসানে পড়ার কারণ নেই।