প্যাডেলে পা দিলেই ১০ টাকা নইলে মাইর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রিকশাচালকদের কাছ থেকে রিকশাপ্রতি দৈনিক ১০ টাকা হারে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ও রামদী ইউনিয়নের অন্তত দুই শতাধিক চালক রিকশা নিয়ে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করেন।
তা ছাড়া চাঁদাবাজির হাত থেকে বাঁচতে তাঁরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছার কাছে একটি লিখিত আবেদন দেন। উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ও রামদী ইউনিয়নের ভেতর দিয়ে যাওয়া আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজার সড়কে চাঁদাবাজির শিকার হচ্ছেন এসব রিকশাচালক। এ সড়কে ঢুকলেই রহমত আলী ও মানিক মিয়া নামের স্থানীয় দুই প্রভাবশালী চাঁদা দাবি করছেন। এর প্রতিবাদে লক্ষ্মীপুর বাজার থেকে মিছিল বের করেন রিকশাচালকেরা। পরে মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন তাঁরা।
সভায় চালকেরা অভিযোগ করেন, সড়কটি ২০ বছর আগের। এখন এ সড়কে দিনে গড়ে আড়াই শ রিকশা চলে। এত দিন কোনো সমস্যা ছিল না। কিন্তু গত বছরের ১৮ ডিসেম্বর থেকে আগরপুর পশ্চিমপাড়া গ্রামের রহমত ও মানিক এ সড়কে চলাচলকারী প্রতি রিকশা থেকে দৈনিক ১০ টাকা করে চাঁদা দাবি করছেন। রহমত ও মানিক স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে অনেকেই চাঁদা দেওয়া শুরু করেন। কিন্তু যাঁরা দিতে চাননি, তাঁদের রহমত ও মানিকের লোকজন মারধর করা থেকে শুরু করে অনেকের রিকশা পর্যন্ত ভেঙে ফেলেছেন। এ অবস্থা থেকে বাঁচতে গত ২৬ ডিসেম্বর ওসির কাছে লিখিত আবেদন করেন রিকশাচালকেরা। আবেদনের পর উপপরিদর্শক আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগ তদন্তও করে আসেন। কিন্তু প্রতিকার না পেয়ে এবার আওয়ামী লীগ নেতার দ্বারস্থ হয়েছেন তাঁরা।
গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের রিকশাচালক সাদেক মিয়া দীর্ঘদিন ধরেই এ সড়কে রিকশা চালান। কিন্তু চাঁদা নিয়ে উত্তেজনা দেখা দেওয়ার পর থেকে তিনি আর রিকশা চালাচ্ছেন না। তিনি বলেন, ‘রহমত-মানিক কইছে, প্যাডেলো পাও রাখলেই নাহি ১০ টেহা দিতে হইব। না দিলে মাইর।’
অবশ্য অভিযোগ অস্বীকার করে রহমত আলী বলেন, ‘আগরপুর বাসস্ট্যান্ডে আমার নিজস্ব জায়গা আছে। আমার জায়গায় রিকশা দাঁড় করিয়ে রাখা হয়। আমি তা করতে নিষেধ করেছি।’ মানিক মিয়াও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।
কুলিয়ারচরের ওসি চৌধুরী মিজানুজ্জামান বলেন, ২৬ ডিসেম্বর তিনি ছুটিতে ছিলেন। লিখিত অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।