প্যাথলজিস্টকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক চিকিৎসকের বিরুদ্ধে জামালপুরে বেসরকারি হাসপাতালের একজন প্যাথলজিস্টকে গত শুক্রবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার রাতে ওই নারী সদর থানায় মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, এক বছর ধরে জামালপুর পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই নারী প্যাথলজিস্ট হিসেবে চাকরি করেন। একই হাসপাতালে ওই চিকিৎসকও রোগী দেখেন। রোগী দেখার সময় প্রায়ই তিনি ওই নারীকে কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিতেন। এতে ওই নারী রাজি না হওয়ায় সম্প্রতি বিয়ের প্রস্তাব দেন। গত শুক্রবার রাত আটটার দিকে তিনি মা–বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে শহরের জিগাতলা এলাকার একটি বাড়িতে নিয়ে যান। তিনি সেখানে ওই নারীকে ধর্ষণ করেন। শনিবার সকালে ওই নারী কৌশলে তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ওই নারীর পরিবারের সদস্যদের আসার বিষয়টি টের পেয়ে ওই চিকিৎসক বাড়ি থেকে পালিয়ে যান। এরপর রোববার রাতে ওই নারী ধর্ষণের মামলা করেন।
ওই নারীর ভাই বলেন, ঘটনার পর থেকে ওই চিকিৎসকসহ তাঁর বাড়ির সদস্যরা পালিয়ে গেছেন। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ওই চিকিৎসকের মুঠোফোনে গতকাল সোমবার একাধিকবার কল করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। জামালপুর সদর থানার এসআই ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, চিকিৎসককে গ্রেপ্তারে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছে। তিনি আত্মগোপন করায় গ্রেপ্তার করা যায়নি।