প্যানেল চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন গতকাল সোমবার মারধরের শিকার হয়েছেন। দেলোয়ারের অভিযোগ, চেয়ারম্যান দুস্থ নারীদের জন্য বরাদ্দ চাল আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে।

ইউপি কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গত বছরের জানুয়ারি থেকে চিনাডুলী ইউপির ২৪২ জন দুস্থ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দিচ্ছে। তবে গত জুন মাসের বরাদ্দের সব চাল বিতরণ না করে ইউপির চেয়ারম্যান আবদুস সালাম বিক্রি করে দেন। এ বিষয়ে লাইলী বেগম নামের এক দুস্থ নারী গত ৩০ আগস্ট জামালপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ারও সরব হওয়ায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন আবদুস সালাম। গতকাল বেলা ১১টার দিকে দেলোয়ার ইউপি কার্যালয়ে গেলে তাঁর ওপর চড়াও হন সালাম ও তাঁর লোকজন। একপর্যায়ে তাঁকে কিলঘুষি মেরে কার্যালয় থেকে বের করে দেন তাঁরা।

প্যানেল চেয়ারম্যান দেলোয়ার প্রথম আলোকে বলেন, দুস্থ নারীদের চাল আত্মসাতের বিষয়ে ১ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবরে তাঁর বক্তব্য ছাপা হয়। এতে চেয়ারম্যান তাঁর প্রতি ক্ষুব্ধ হন। অভিযোগ তদন্তে গতকাল জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার আসার কথা ছিল। এ উপলক্ষে তিনি ইউপি কার্যালয়ে গেলে চেয়ারম্যান ও তাঁর লোকজন তাঁকে মারধর করেন। বিষয়টি তিনি ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।

আবদুস সালাম বলেন, ‘প্যানেল চেয়ারম্যান কয়েক দিন ধরে আমার কাছে এক লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ করছেন। আজ (গতকাল) ইউপি কার্যালয়ে এসে তিনি আমাকে বিভিন্ন বিষয় নিয়ে অপমান করেন। এ সময় জনগণ তাঁকে মারধর করে কার্যালয় থেকে বের করে দেয়।’ তবে চেয়ারম্যানের কাছে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান দেলোয়ার।

ইসলামপুরের ইউএনও এহসানুল হক মামুন প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মধ্যে সমস্যার খবর পেয়ে তিনি সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।