প্যানেল মেয়র ছেলে ও চেয়ারম্যান বাবার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মুসার বিরুদ্ধে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তাকে মারধর এবং জোর করে তিনটি সাদা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার আমতলী পৌরসভা কার্যালয়ে মেয়র মতিয়ার রহমান ও জি এম মুসার বাবা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেনের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে।
প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। অভিযোগ, মারধরের পর প্যানেল মেয়র চাপ সৃষ্টি করে মেয়রকে দিয়ে এ ব্যবস্থা করেছেন। এ ঘটনার পর মামুনুর রশিদ ভয়ে সোমবার রাতেই আমতলী ছেড়ে বরগুনা সদরে এসে আশ্রয় নেন। তবে তাঁর পরিবার আমতলীতে থাকায় স্ত্রী-সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠায় আছেন তিনি।
মামুনুর রশিদের অভিযোগ, সোমবার বিকেল চারটার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার ফোন করে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চান। তিনি পৌরসভা কার্যালয়ে আছেন জেনে চেয়ারম্যান ও তাঁর ছেলে জি এম মুসা চার-পাঁচজন যুবক নিয়ে এসে সরাসরি মেয়রের কক্ষে ঢোকেন। পরে চেয়ারম্যান পিয়নের মাধ্যমে তাঁকে (মামুনুর রশিদ) মেয়রের কক্ষে ডেকে পাঠান। তিনি নিজের কক্ষ থেকে বের হয়ে মেয়রের কক্ষে যাওয়ার পথে জি এম মুসা তাঁর ওপর হামলা চালান। তাঁকে উপর্যুপরি কিল, ঘুষি, চড়-থাপড় মারলে তিনি দৌড়ে মেয়রের কক্ষে আশ্রয় নেন। সেখানে যাওয়ার পর উপজেলা চেয়ারম্যান তাঁকে গালাগাল করেন। এরপর তাঁকে অন্য একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। রাত আটটার দিকে ১০০ টাকা মূল্যমানের তিনটি সাদা স্ট্যাম্পে জোর করে তাঁর সই নেওয়া হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মামুনুর রশিদ বলেন, ‘প্যানেল মেয়র ও তাঁর বাবার সম্পর্কে বিভিন্নজনের কাছে নেতিবাচক কথাবার্তা বলার অভিযোগ এনে আমাকে মারধর করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে জি এম মুসা বলেন, মামুনুর রশিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতিসহ অনেক অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তিনি সব কাউন্সিলরের পক্ষে মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করেছেন মেয়র।
জি এম দেলোয়ার বলেন, ‘সোমবার বিকেলে আমি পৌরসভা কার্যালয়ে গিয়েছিলাম ঠিকই। তবে আমার সামনে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
যোগাযোগ করলে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান প্রশাসনিক কর্মকর্তাকে মারধর ও স্ট্যাম্পে সই নেওয়ার বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, মামুনুর রশিদের বিরুদ্ধে প্যানেল মেয়র লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হলো।