প্যানেল মেয়রের বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ
বরগুনার আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র জিএম মূসার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের নেতা শাহজাদা আকন নামে এক নেতাকে মারধর করে এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাতে আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তবে জিএম মূসা মারধরের অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা অভিযোগ করে বলেন, ‘শাহজাদা আমার পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।’
আমতলী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও গণশিক্ষা-বিষয়ক সম্পাদক শাহজাদা আকন অভিযোগ করেন, রোববার রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তির কাছ থেকে পাওনা এক লাখ টাকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।
পথে পৌর ভবনের সামনে পৌরসভার নকশাকারক মো. রুবেলের সঙ্গে দেখা হলে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কথা বলছিলেন। এ সময় জিএম মূসা, তাঁর সহযোগী যুবলীগের কর্মী জুয়েল ও ইমাম হোসেন মোটরসাইকেলে করে সেখানে আসেন।
জিএম মূসা মোটরসাইকেল থেকে নেমে তাঁর (শাহজাদা) ওপর চড়াও হন এবং ‘তুই পৌর মেয়রের সঙ্গে চলাফেরা করিস কেন’ বলেই উপর্যুপরি কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। এতে ছিটকে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় তাঁর পকেটে (শাহজাদা) থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান মূসা। এ সময় আতঙ্কে পৌরসভার নকশাকারক দৌড়ে পালিয়ে যান।
শাহজাদা আকন দাবি করেন, ‘মূসা আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী। আমি বর্তমান মেয়র মতিয়ার রহমানের পক্ষ সমর্থন করায় জিএম মূসা দীর্ঘদিন ধরে আমার ওপর ক্ষিপ্ত। এর জের ধরেই এ ঘটনা ঘটিয়েছে।’ তিনি বলেন, ঘটনার পর তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক রায় গতকাল সোমবার বিকেলে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।’