প্রকল্প বাস্তবায়নে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে অতিদরিদ্রদের কর্মসংস্থান বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের কর্মসূচি ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু করা হয়েছে। চলবে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মসূচিটি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করছে। ৪০ দিনের এ কর্মসূচিতে শরীয়তপুরের ছয়টি উপজেলার ১২ হাজার ৫০৫ জন শ্রমিকের কাজ করার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৬৪টি ইউনিয়নে ৩৫৫টি প্রকল্পের আওতায় সরকার ৯ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করছে। প্রকল্পে মোট শ্রমিকের ৩০ শতাংশ নারী হওয়ার নিয়ম রয়েছে। শ্রমিকদের ব্যাংকে হিসাব খুলে সেই হিসাব নম্বরের মাধ্যমে মজুরি পরিশোধ করার নিয়ম রয়েছে।
গত রোববার থেকে বুধবার পর্যন্ত ছয়টি উপজেলার ২০টি প্রকল্প ঘুরে দেখা যায়, কোথাও চুক্তিতে মাটি ভরাটের কাজ করা হচ্ছে। আবার প্রকল্পগুলোতে বরাদ্দকৃত শ্রমিকের ৩০ শতাংশের কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। অনেক প্রকল্পে মেয়াদ শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকল্পেই নারী শ্রমিক নেওয়া হয়নি। প্রকল্পে কর্মরত শ্রমিকদের কারোরই ব্যাংকে হিসাব খোলা হয়নি। প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্বে থাকা ইউপি সদস্যরা তাঁদের পরিচিত লোকজন দিয়ে ব্যাংকে হিসাব খুলেছেন। ইউপি সদস্যরা ব্যাংক থেকে টাকা তুলে শ্রমিকদের পরিশোধ করছেন। অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন করছেন স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে থাকা আওয়ামী লীগের নেতারা।
গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের তুলাতলা এলাকায় একটি কাঁচা রাস্তায় মাটি ভরাটের জন্য অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের ৫৮ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। শ্রমিকদের মজুরির জন্য ৪ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দাপ্তরিক দায়িত্ব দেওয়া হয়েছে ওই ইউপির নারী সদস্য আয়েশা বেগমকে। আয়েশা বেগমের স্বামী বেনজির ঢালী ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি স্ত্রীর পক্ষে প্রকল্পটি তদারক করছেন। ৮০ হাজার টাকায় চুক্তিতে প্রকল্পটিতে মাটি ভরাটের কাজ করানো হচ্ছে।
বেনজির ঢালী বলেন, ‘আমার স্ত্রীর নামে প্রকল্পটির কাগজপত্র। প্রকল্পে কোনো অনিয়ম হচ্ছে না। শ্রমিকের মজুরি এ এলাকায় বেশি হওয়ায় বরাদ্দকৃত শ্রমিক নেওয়া সম্ভব হয়নি।’
ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের পূর্ব ডামুড্যা এলাকায় একটি কাঁচা সড়কে মাটি ভরাটের জন্য অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের ২৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। শ্রমিকদের মজুরির জন্য ২ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সাত দিন কাজ করে প্রকল্পটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছেন ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছু ব্যাপারী। দারুল আমান ইউপির চেয়ারম্যান মিন্টু সিকদার বলেন, ‘প্রকল্পটির কাজ শেষ করা হয়নি। পিআইওর কার্যালয় থেকে আমাদের যেটুকু কাজ করতে বলেছে, আমরা সেটুকু কাজ করে দেব। পরবর্তী সময়ে ওই স্থানে আবার মাটি ভরাট করা হবে।’
ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর বলেন, মাঠপর্যায়ে প্রকল্পটি সঠিকভাবেই বাস্তবায়ন করা হচ্ছে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নারী শ্রমিকদের কাজের প্রতি অনীহা থাকায় তাঁদের প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। প্রকল্পগুলো ইউপি সদস্যরা বাস্তবায়ন করছেন। তাঁরা কোন দলের, তা বিবেচ্য বিষয় নয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ইয়াসির আরাফাত বলেন, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। নীতিমালা মেনে প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে হবে। জেলা কার্যালয় থেকে প্রকল্পগুলো পরিদর্শন করা হবে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।