প্রকল্পের অর্থে কর্মকর্তার 'আয়েশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় চার বছর ধরে ১০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা পদ্মায় বিলীন হয়েছে। অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা।
এদিকে ভাঙন রোধে দুই বছর আগে পাবনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২৩০ কোটি টাকা বরাদ্দ পায়। প্রথম পর্যায়ের কাজের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হলেও অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়েছে। এদিকে প্রকল্প বাস্তবায়ন না হলেও প্রকল্পের প্রায় ৬৬ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পাউবোর কর্মকর্তারা।
সম্প্রতি ভাঙন এলাকা ঘুরে দেখা গেছে, ঈশ্বরদী পৌর এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঈশ্বরদী-লালপুর সড়কের বাম পাশ ঘেঁষে কয়েকটি গ্রাম। ওই সড়ক থেকে গ্রামের ভেতরে ঢুকে কিছুটা পথ পাড়ি দিলেই পদ্মা নদী। নদীর পাড়ে যাওয়ামাত্রই ভাঙনের ভয়াবহতা দেখা গেল। বাঁশঝাড়, ফসলের মাঠ, কয়েকটি বসতবাড়ি ও উপাসনালয় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, উপজেলার সারা ইউনিয়নের সাতটি গ্রামসহ মোট ১০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা চার বছর ধরে এভাবে নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার।
আরামবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, নদীপাড়ের চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা ধরে এই ভাঙন চলছে। প্রতিবছর বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়ে। চার বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও তা রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জার্জিস হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভাঙন রোধে আমরা পাউবো, পানিসম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসনসহ কয়েকটি দপ্তরে আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। পাউবোর প্রকৌশলীরা
বারবার শুধু মাপজোখ করেন, কিন্তু কোনো কাজ করেন না। ফলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।’
পাউবোর পাবনা কার্যালয় থেকে জানা গেছে, নদীভাঙন রোধে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সারা ঝাউদিয়া এলাকায় পদ্মা নদীর বাম তীর প্রতিরক্ষা প্রকল্পের জন্য ২৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জরিপ, দরপত্রসহ বিভিন্ন খরচ বাবদ বরাদ্দ করা হয় পাঁচ কোটি টাকা। আর প্রথম পর্যায়ে কাজের জন্য বরাদ্দ করা হয় প্রায় ৪১ কোটি টাকা।
২০১৩ সালের ২৬ জুলাই এই কাজের প্রথম দরপত্র আহ্বান করা হয়। দরদাতাদের দরপত্রে বিভিন্ন ভুল থাকার অভিযোগে ওই দরপত্র বাতিল করা হয়। ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই দরপত্রও বাতিল করে। তৃতীয় দফায় চলতি বছরের ৩০ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। এটিও অজ্ঞাত কারণে বাতিল করা হয়।
এদিকে প্রকল্প বাস্তবায়ন না হলেও প্রকল্পের প্রাথমিক কাজের জন্য বরাদ্দ করা পাঁচ কোটি টাকার প্রায় ৭০ লাখ টাকা খরচ করেছে পাউবো। এর মধ্যে ৬৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্প পরিচালক (পিডি) ও পাউবোর পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে একটি গাড়ি কেনা হয়। জরিপ ও দরপত্র আহ্বানের কাজে ব্যয় করা হয়েছে আরও প্রায় পাঁচ লাখ টাকা। কোনো কাজ না হওয়ায় বাকি চার কোটি ২৯ লাখ টাকা চলতি বছরের জুন মাসে মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পাউবোর পাবনা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রকল্প পরিচালকের একটি গাড়ি থাকা সত্ত্বেও নতুন গাড়িটি কেনা হয়েছে। গাড়িটি পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীর কুমার ভট্টাচার্য ব্যবহার করছেন।
ঘটনার সত্যতা নিিশ্চত করে পাউবোর পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও পিডি মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আপাতত কাজ না হওয়ায় আমরা টাকাগুলো ফেরত পাঠিয়েছি। তবে দরপত্র সম্পন্ন হলে টাকা আবার চলে আসবে। আশা করছি, শিগগিরই দরপত্র কার্যক্রম শেষ হবে।’ প্রকল্পের গাড়ি অন্য কর্মকর্তার ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।