প্রকল্পের কাজে 'সম্মানী চাওয়ায়' তিনজন ওএসডি
খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন কমিটির নামে ১০ লাখ টাকা সম্মানী চাওয়ার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের তিন কর্মকর্তাকে ওই মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। ওএসডি কর্মকর্তারা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান স্বপন কুমার ঘোষ, উপপ্রধান ওমর ইমরুল মহসিন ও সহকারী প্রধান নিশাত জাহান। এঁরা তিনজনই বিসিএস (অর্থনৈতিক) ক্যাডারের কর্মকর্তা।
এঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত ২৯ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প দেখতে গিয়ে ১০ সদস্যের মধ্যবর্তী মূল্যায়ন কমিটির জন্য ১০ লাখ টাকা চান। কিন্তু উপাচার্য প্রথমে সেটি দিতে রাজি হননি। পরে উপাচার্য এ টাকা চেকের মাধ্যমে দিতে চাইলে অভিযুক্ত কর্মকর্তারা তা চেকে নিতে রাজি হননি। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েকুজ্জামান এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই কমিটি এই কর্মকর্তাদের প্রত্যাহারের সুপারিশ করেছিল।