প্রকল্পের বিস্কুটসহ শিক্ষিকা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুটসহ একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে আটক করেন স্থানীয় জনতা। পরে শাস্তি ও অপসারণের দাবিতে অভিভাবকেরা তাঁকে বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।
দারিদ্র্যপীড়িত এলাকা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় বদরগঞ্জ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের টিফিন হিসেবে প্রতিদিন বিস্কুট সরবরাহ করা হয়। ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেন, তিনি (প্রধান শিক্ষিকা) শিক্ষার্থীদের নিয়মিত বিস্কুট দিতেন না। গতকাল বেলা একটার দিকে ওই প্রধান শিক্ষিকা প্রকল্পের বিস্কুট ব্যাগে ভর্তি করে নিয়ে যাচ্ছিলেন। বিদ্যালয় থেকে প্রায় ৩০০ গজ দূরে স্থানীয় কয়েকজন লোক বিস্কুটসহ তাঁকে আটক করেন। তাঁর কাছে ২৮ প্যাকেট বিস্কুট পাওয়া যায়। পরে তাঁকে বিদ্যালয়ে আনা হয়।
বেলা দুইটার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় চত্বরে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ করছেন। তাঁরা প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে অবরুদ্ধ থাকেন। পরে স্কুল ফিডিং প্রকল্পের জেলা কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি বিদ্যালয় ছেড়ে যান।
তবে ওই প্রধান শিক্ষিকা দাবি করেন, ‘বিদ্যালয়ের পিয়ন ওই বিস্কুট আমার ব্যাগে দিয়েছিলেন, তা আমি জানতাম না।’
তবে পিয়ন প্রধান শিক্ষিকার সামনেই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রধান শিক্ষক নিজেই বিস্কুট ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন।’
স্কুল ফিডিং প্রকল্পের রংপুর জেলা সমন্বয়কারী শাহীন হক মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি জানার পর ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। অভিভাবকেরা প্রধান শিক্ষিকাকে প্রকল্পের বিস্কুট পাচারের সময় ব্যাগসহ আটক করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ঘটনাটি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছ থেকে শুনেছি। লিখিত অভিযোগ পেলে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’